রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. শওকত হাসানুর রহমান রিমনের বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে অবস্থান করা ১৫ জনকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাদের নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
তবে অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম, সাংগঠনিক পরিচয় এবং তারা কী উদ্দেশ্যে ওই বাড়িতে অবস্থান করছিলেন এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য দেয়নি পুলিশ।
গ্রেপ্তারদের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়েও পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি। তাদের জিজ্ঞাসাবাদসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সদ্য সংবাদ/এসএস