হরমুজ প্রণালির দক্ষিণের জলসীমায় নৌমাইনে আঘাতের পর বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ডুবে গেছে ২ হাজার ৫০০টির বেশি কনটেইনার বহনকারী একটি জাহাজ। বুধবার (১৪ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি হরমুজ প্রণালি পার হওয়ার সময় নৌমাইনে আঘাত পায়। এতে বিস্ফোরণের পাশাপাশি জাহাজটিতে আগুন ধরে যায়। পরে আগুনের তীব্রতা বেড়ে গেলে জাহাজটি সাগরে ডুবে যায় বলে দাবি করেছে আইআরজিসি।
ইরানি কর্তৃপক্ষের ভাষ্য, জাহাজটি অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ একটি নৌপথ ব্যবহার করে প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল। একই সঙ্গে জাহাজটিতে চোরাচালানের পণ্য ছিল বলেও অভিযোগ করেছে তারা। তবে এসব দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ডুবে যাওয়া জাহাজটির নাম, কোন দেশের পতাকাবাহী ছিল এবং কোথা থেকে কোথায় যাচ্ছিল এসব তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। জাহাজে থাকা নাবিকদের অবস্থা কিংবা হতাহতের কোনো তথ্যও জানা যায়নি।
এদিকে জাহাজটি ডুবে যাওয়ার পর পানিতে ভাসমান কনটেইনারের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি এড়াতে ওই এলাকার নৌযান ও জেলেদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আইআরজিসির নৌবাহিনী।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল করে। অঞ্চলটিতে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে নতুন এ জাহাজডুবির ঘটনা নৌপথটির নিরাপত্তা পরিস্থিতিকে আবারও আলোচনায় এনেছে।
সদ্য সংবাদ/এসএস