শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে টানা সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
বুধবার (১৪ অক্টোবর) রাতে বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান ও স্থল শুল্ক স্টেশনের (কাস্টমস) সহকারী কমিশনার মতলেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতের চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে। এ-সংক্রান্ত চিঠির অনুলিপি স্থলবন্দরের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে দেওয়া হয়েছে।
স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান ও কাস্টমসের সহকারী কমিশনার মতলেবুর রহমান জানান, ভারতের চ্যাংড়াবান্ধা শুল্ক স্টেশনের ব্যবসায়ী ও রপ্তানিকারক সংগঠনগুলোর চিঠির পরিপ্রেক্ষিতে ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত পণ্য পারাপার বন্ধ রাখার নির্দেশনা সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হয়েছে। তবে এতে যাত্রী পারাপারে কোনো প্রভাব পড়বে না।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সাইফুর রহমান সদ্য সংবাদকে বলেন, এ সময় পণ্যবাহী ট্রাক চলাচল ও আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক নিয়মে চলবে।
সদ্য সংবাদ/ এআর