চট্টগ্রামের মিরসরাইয়ে শুল্ক ফাঁকি দিয়ে চীন থেকে আনা হয়েছে এমন অভিযোগে ৪৫ লাখ টাকা মূল্যের ৭০২ বস্তা প্লাস্টিক তৈরির কাঁচামালসহ একটি কাভার্ডভ্যান আটক করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ। এ ঘটনায় মো. সিদ্দিক হোসেন (৩৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানা এলাকায় ঢাকামুখী লেনে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় চেকপোস্টের দিকে আসা একটি কাভার্ডভ্যানকে সন্দেহজনক মনে হলে পুলিশ থামার সংকেত দেয়। তখন পাঁচ থেকে ছয়জন ব্যক্তি পালিয়ে যান।
পরে কাভার্ডভ্যানটিতে তল্লাশি চালিয়ে ৭০২ বস্তা প্লাস্টিক তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়। কাঁচামালের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সিদ্দিক হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সিদ্দিক হোসেন গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার মৃত সামছুল আলমের ছেলে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, উদ্ধার করা কাঁচামালের আনুমানিক মূল্য ৪৫ লাখ টাকা। চোরাচালানের কাজে ব্যবহৃত নীল-হলুদ রঙের কাভার্ডভ্যানটিও আটক করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার সিদ্দিক হোসেন, পলাতক আনিস রহমান সুলতান (৩০) এবং অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
সদ্য সংবাদ/ এআর