রাশিয়ার সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইউক্রেনের জন্য নতুন করে ১ দশমিক ৩ বিলিয়ন ইউরোর বেশি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। সামরিক সরঞ্জামের পাশাপাশি শীত মৌসুমে ইউক্রেনের জ্বালানি ব্যবস্থা সচল রাখতে সহায়তার ব্যবস্থাও থাকছে এই প্যাকেজে।
রোববার (৪ অক্টোবর) কিয়েভে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে নতুন সহায়তার বিষয়টি জানান জেলেনস্কি।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, বর্তমানে দেশটির প্রয়োজন অনুযায়ী গুরুত্বপূর্ণ কিছু অস্ত্র এই সহায়তার আওতায় থাকছে। একই সঙ্গে শীতের আগেই জ্বালানি খাতকে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেয়েছে।
বৈঠকের পর দুই দেশের মধ্যে ১৫টি চুক্তি ও নথি সই হয়। এসবের মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক সরঞ্জাম উৎপাদন ও ক্রয় এবং জার্মান শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে ইউক্রেনের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের বিষয় রয়েছে।
জেলেনস্কির দেওয়া তথ্য অনুযায়ী, এসব চুক্তির আর্থিক মূল্য ৮ দশমিক ৫ বিলিয়ন ইউরোর বেশি। এর মধ্যে ইউক্রেনে যৌথ প্রকল্প বাস্তবায়ন এবং জার্মান কোম্পানিগুলোর কাছ থেকে বিভিন্ন সরঞ্জাম ও সেবার অর্ডারের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।
এদিকে, ড্রোন হামলা মোকাবিলায় দুই দেশের সহযোগিতা আরও জোরদার করতে নতুন একটি চুক্তি করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জেলেনস্কি।
এর আগে রোববার সকালে পূর্বনির্ধারিত কোনো ঘোষণা ছাড়াই কিয়েভে পৌঁছান জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। ইউক্রেনে যাওয়ার আগে তিনি দেশটির প্রতি জার্মানির সমর্থন অব্যাহত রাখার বার্তা দেন।
সদ্য সংবাদ/এসএস