তামিল অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাঘম (টিভিকে) এবার দক্ষিণ ভারতের গণ্ডি পেরিয়ে পশ্চিমবঙ্গেও সাংগঠনিক তৎপরতা শুরু করেছে। পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলটির প্রথম কার্যালয় চালুর মধ্য দিয়ে রাজ্যটিতে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে সংগঠনটি।
রোববার (২৮ সেপ্টেম্বর) ফাগুপুরে টিভিকে-এর পশ্চিমবঙ্গ শাখার কার্যালয় উদ্বোধন করা হয়। এ সময় দলের রাজ্য কো-অর্ডিনেটর চৈতালি রায় ছাড়াও বিভিন্ন জেলার নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র বলছে, পশ্চিমবঙ্গে সংগঠনের প্রাথমিক বিস্তারে এখনই নির্বাচনী কর্মকাণ্ডকে কেন্দ্রবিন্দুতে রাখছে না টিভিকে। বরং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং সামাজিক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে নিজেদের সাংগঠনিক ভিত্তি শক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
দলের রাজ্য কো-অর্ডিনেটর চৈতালি রায় জানান, মানুষের কাছে পৌঁছাতে সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি সরাসরি জনসম্পৃক্ততার ওপর গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে তাদের।
তবে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নির্বাচনে দলটি অংশ নেবে কি না, সে সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। চৈতালি রায়ের বক্তব্য অনুযায়ী, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। স্থানীয় মানুষের চাহিদা এবং সংগঠনের সক্ষমতা বিবেচনা করেই নির্বাচনে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ফাগুপুরে প্রথম কার্যালয় স্থাপনের পর পূর্ব বর্ধমানের অন্য এলাকাতেও সংগঠন ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা। চৈতালি রায়ের দাবি, পশ্চিমবঙ্গে টিভিকে-এর প্রায় পাঁচ হাজার সমর্থক রয়েছেন।
তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের রাজনৈতিক দলকে ঘিরে সাংগঠনিক তৎপরতা অব্যাহত থাকার মধ্যেই পশ্চিমবঙ্গে নতুন এই কার্যক্রম শুরু হলো।
সদ্য সংবাদ/এসএস