অভিনেত্রী পরীমনিকে ঘিরে আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার আলোচনা-সমালোচনার মধ্যেই নিজের জীবনের একটি অস্বস্তিকর অভিজ্ঞতার কথা সামনে আনলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এক অনুষ্ঠানে সাংবাদিকের কাছ থেকে অনাকাঙ্ক্ষিত স্পর্শের পরিস্থিতি তৈরি হয়েছিল বলে দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রভা এ অভিজ্ঞতা তুলে ধরেন। একই সঙ্গে পরীমনির বিরুদ্ধে ওঠা অভিযোগের ঘটনায় একপক্ষীয় অবস্থান না নিয়ে বিষয়টি তদন্তের আহ্বান জানান তিনি।
ভিডিওতে প্রভা বলেন, কিছু ঘটনা নিয়ে নীরব থাকলে নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থাকতে হয়। পরীমনির ঘটনায় সংশ্লিষ্ট সাংবাদিকের পক্ষ নেওয়ার আগে পুরো বিষয়টি বিবেচনার কথাও বলেন তিনি।
নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে অভিনেত্রী জানান, একটি প্রসাধনীর মেলা বা ফেয়ার অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় কয়েকজন সাংবাদিক তাকে ঘিরে ধরেন। এ সময় একজন সাংবাদিক মাইক্রোফোন হাতে তার শরীরের খুব কাছাকাছি চলে আসছিলেন বলে অভিযোগ করেন প্রভা। তিনি বারবার সরে গিয়ে নিজের অস্বস্তির বিষয়টি বোঝানোর চেষ্টা করেছিলেন বলেও জানান।
প্রভার ভাষ্য, ওই পরিস্থিতিতে সামান্য অসতর্কতা হলেই অনাকাঙ্ক্ষিত স্পর্শের ঘটনা ঘটতে পারত। তবে তিনি নিজেকে সামলে পরিস্থিতি এড়িয়ে যান বলে দাবি করেন।
পরীমনির ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সাংবাদিকের পক্ষে অবস্থান নেওয়ার আগে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন প্রভা। তার মতে, এ ধরনের অভিযোগের ক্ষেত্রে যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন।
এদিকে প্রভার ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত হতে পারেননি। কেউ কেউ তার দাবির সত্যতা ও বক্তব্যের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন তুলেছেন। ফলে পরীমনির ঘটনাকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে নতুন করে যুক্ত হয়েছে প্রভার বক্তব্যও।
ভিডিও লিংক: https://www.facebook.com/share/v/1AFqCPePR3/
সদ্য সংবাদ/এসএস