বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় চার নেতার নামে থাকা চারটি জাহাজের পাশাপাশি ‘জয় বাংলা’ নামের জাহাজটির নামও বদলে দেওয়া হয়েছে। নতুন নাম অনুমোদন করে কোস্টগার্ডের মহাপরিচালকের কাছে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এ সংক্রান্ত চিঠি জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব মাসফিকা হোসেন স্বাক্ষরিত ওই পত্রে পাঁচটি জাহাজের নতুন নামের অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ‘বিসিজিএস জয় বাংলা’ জাহাজের নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’। এ ছাড়া ‘বিসিজিএস সৈয়দ নজরুল’-এর পরিবর্তে ‘বিসিজিএস ফিরোজ কবীর’, ‘বিসিজিএস তাজউদ্দীন’-এর পরিবর্তে ‘বিসিজিএস নুরুল ইসলাম’, ‘বিসিজিএস মনসুর আলী’-এর পরিবর্তে ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং ‘বিসিজিএস কামরুজ্জামান’-এর পরিবর্তে ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’ নাম অনুমোদন করা হয়েছে।
নাম পরিবর্তনের তালিকায় থাকা জাহাজগুলোর পেন্যান্ট নম্বর যথাক্রমে পিসি-২০৮, পিএল-৭১, পিএল-৭২, পিএল-৭৩ ও পিএল-৭৪।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাহাজগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর করার অনুমতি দেওয়া হয়েছে। এর আগে কোস্টগার্ড কর্তৃপক্ষই জাহাজগুলোর নাম পরিবর্তনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছিল।
সদ্য সংবাদ/এসএস