দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৫ জন। ফলে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫৫ জনে।
শুক্রবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক দৈনিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনের পরিসংখ্যান অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা। এ সময়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৭২১ জন ঢাকা বিভাগের। চট্টগ্রামে ২৭৫, খুলনায় ১৬১, বরিশালে ১৪৩, রাজশাহীতে ১০৪, ময়মনসিংহে ৮৮ এবং রংপুরে ৪৩ জন ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে নতুন করে কোনো রোগী হাসপাতালে ভর্তি হননি।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯০৬ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৯ হাজার ৬৭৮ জন।
মৃত্যুর মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, অক্টোবর মাসে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১৭৪ জন, যা এক মাসে সর্বোচ্চ। সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছেন।
ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।
সদ্য সংবাদ/এজে