তেজগাঁও কেন্দ্রীয় খাদ্য গুদামে (সিএসডি) দায়িত্ব পালন করা কর্মকর্তা মো. নজরুল ইসলামের সংযুক্তির আদেশ বাতিল করেছে খাদ্য বিভাগ। তাঁকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের অধীন মূল কর্মস্থলে ফিরে গিয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ৫ নভেম্বর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, ঢাকা কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। এতে প্রশাসনিক প্রয়োজনের কথা উল্লেখ করে নজরুল ইসলামের তেজগাঁও সিএসডিতে সংযুক্তির পূর্ববর্তী আদেশ বাতিলের সিদ্ধান্ত জানানো হয়েছে।
এর আগে গত ১ নভেম্বর ফাস্টপোস্টে নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে গণমাধ্যমে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে তাঁর কথিত রাজনৈতিক প্রভাব, পদোন্নতি, দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তুলে ধরা হয়েছিল।
প্রতিবেদন প্রকাশের পরপরই তাঁর কর্মস্থল পরিবর্তনের এই সিদ্ধান্ত সামনে আসে। তবে অনুসন্ধানী প্রতিবেদনে উত্থাপিত অভিযোগের সঙ্গে সংযুক্তির আদেশ বাতিলের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে অফিস আদেশে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
খাদ্য বিভাগের আদেশ অনুযায়ী, এখন থেকে নজরুল ইসলামকে তাঁর মূল কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে। এদিকে প্রতিবেদন প্রকাশের মাত্র চার দিনের মাথায় তাঁর সংযুক্তি বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে সংশ্লিষ্ট মহলে আলোচনা তৈরি হয়েছে।
সদ্য সংবাদ/এসএস