চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে শহীদ মিনার প্রাঙ্গণে থাকা স্মৃতিস্তম্ভের বেদির নিচের অংশে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে স্থাপনাটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পেট্রোল ও টায়ার ব্যবহার করে স্মৃতিস্তম্ভের নিচে আগুন দেওয়া হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজনকে আগুন ধরিয়ে দ্রুত স্থান ত্যাগ করতে দেখা যায়।
আগুন ছড়িয়ে পড়ার খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই স্মৃতিস্তম্ভের বেদির নিচের কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনাটি জানাজানি হলে ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা শহীদ মিনার এলাকা পরিদর্শন করেন। এদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। কারা এ ঘটনায় জড়িত, তা শনাক্ত করতে তদন্ত ও অভিযান চলছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
শহরের গুরুত্বপূর্ণ এই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
সদ্য সংবাদ/এজে