ঢাকা কলেজের দেয়ালে আঁকা জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন মুছে ফেলার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। রাষ্ট্রপতির আগমন ও কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে সৌন্দর্যবর্ধনের কাজ চলার সময় সাদা রং দিয়ে ঢেকে দেওয়া হয় আন্দোলনের স্মৃতিবিজড়িত একাধিক গ্রাফিতি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
শুক্রবার (৬ নভেম্বর) কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, নায়েমের গলিসংলগ্ন সীমানাপ্রাচীর এবং মিরপুর রোডের পাশের দেয়ালে থাকা জুলাই আন্দোলনের বিভিন্ন দেয়ালচিত্রের ওপর সাদা রং করা হয়েছে।
এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন গ্রাফিতি অঙ্কনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা কলেজ শাখার সভাপতি নাহিয়ান রেহমান রাহাতের অভিযোগ, গ্রাফিতি মুছে ফেলার মধ্য দিয়ে জুলাইয়ের আন্দোলন, সংগ্রাম ও আকাঙ্ক্ষাকে অবমূল্যায়ন করা হয়েছে। তাঁর মতে, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন করা যেতে পারে, কিন্তু সেই অজুহাতে ঐতিহাসিক স্মৃতিচিহ্ন মুছে ফেলা গ্রহণযোগ্য নয়।
একই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরাও। ঢাকা কলেজের শিক্ষার্থী মো. জুলফিকার তাঁর ফেসবুক পোস্টে দেয়ালচিত্রগুলো মুছে ফেলার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি গ্রাফিতিগুলো পুনরায় আঁকার বিষয়ে কলেজ প্রশাসনের কাছে ব্যাখ্যা চান তিনি।
তবে এ বিষয়ে আগে থেকে কিছু জানতেন না বলে দাবি করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। তাঁর ভাষ্য, বিষয়টি আগে জানতে পারলে গ্রাফিতি মুছে না ফেলার নির্দেশ দিতেন। পুনরায় গ্রাফিতি আঁকার বিষয়ে তিনি জানান, যেসব চিত্র মুছে ফেলা হয়েছে, সেগুলো আবার আঁকার ব্যবস্থা করতে হবে। আর যেগুলো এখনো রয়েছে, সেগুলো অক্ষত রেখেই প্রয়োজনীয় সংস্কারকাজ করার বিষয়টি বিবেচনা করা হবে।
অন্যদিকে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ জানিয়েছেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীমানাপ্রাচীরের সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। এ সময় কিছু গ্রাফিতি মুছে ফেলা হলেও সেগুলোর ছবি সংরক্ষণ করা হয়েছে। সংরক্ষিত ছবি অনুসরণ করে দেয়ালচিত্রগুলো পুনরায় আঁকার পরিকল্পনা রয়েছে। প্রয়োজন ছাড়া কোনো গ্রাফিতি যেন মুছে ফেলা না হয়, সে নির্দেশনাও প্রকৌশলীকে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এদিকে জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদ জানিয়েছে ইনকিলাব মঞ্চের ঢাকা কলেজ শাখা। সংগঠনটি মুছে ফেলা দেয়ালচিত্র দ্রুত পুনরুদ্ধারসহ চার দফা দাবি উত্থাপন করেছে।
উল্লেখ্য, ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কলেজটির সাবেক শিক্ষার্থী ও শিক্ষক রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা রয়েছে। তাঁর আগমনকে কেন্দ্র করে চলমান সৌন্দর্যবর্ধনের কাজের মধ্যেই গ্রাফিতি মুছে ফেলার বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
সদ্য সংবাদ/এসএস