কোটি টাকার সড়কের মাঝেই শতাধিক বৈদ্যুতিক খুঁটি

স
সদ্য সংবাদ ডেস্ক
৬ নভেম্বর, ২০২৬ ২১:২৮:২৬
ছবি: সংগৃহীত

প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন-ডাঙ্গা সড়ক। কাজ শেষের পথে, তবে সড়কের মাঝখানে ও চলাচলের জায়গায় রয়ে গেছে পল্লী বিদ্যুতের শতাধিক খুঁটি। এর মধ্যে ৪৬টি খুঁটি রয়েছে সড়কের মূল অংশে। ফলে নতুন সড়কটি চালু হওয়ার আগেই দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি যানবাহন চলাচলের পথে প্রতিবন্ধকতা তৈরি করেছে। কোনোটি সড়কের মাঝখানে, আবার কোনোটি একেবারে পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে। সড়কের নির্মাণকাজ প্রায় ৯৫ শতাংশ শেষ হলেও খুঁটিগুলো সরানো হয়নি। বর্তমানে অটোরিকশাসহ ছোট যানবাহন চলাচল করছে। খুঁটি এড়িয়ে চলতে গিয়ে চালকদের প্রতিনিয়ত সতর্ক থাকতে হচ্ছে। সড়কটি পুরোপুরি চালু হলে বড় যানবাহনের চলাচলে ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা ও ভোলাবো ইউনিয়নের সঙ্গে নরসিংদীর পলাশ, ঘোড়াশালসহ আশপাশের এলাকার যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম এই সড়ক। সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অধীনে প্রায় পাঁচ কিলোমিটার সড়কটি ২৪ ফুট প্রশস্ত করে নির্মাণের উদ্যোগ নেওয়া হয় ২০২৪-২৫ অর্থবছরে। প্রকল্পটির নির্মাণ ব্যয় ২৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার টাকা।

সড়কের কাজ শুরুর সময়ই বিদ্যুতের খুঁটিগুলো স্থানান্তরের জন্য নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কাছে আবেদন করেছিল সওজ। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ খুঁটি সরানোর ব্যয় নির্ধারণ করে অর্থ জমা দিতে বললেও নির্ধারিত সময়ে সেই টাকা পরিশোধ করা হয়নি। ফলে খুঁটি রেখেই এগিয়ে নেওয়া হয় সড়ক নির্মাণের কাজ।

সওজের তথ্য অনুযায়ী, সড়কের প্রায় সাড়ে চার কিলোমিটার অংশে শতাধিক বিদ্যুতের খুঁটি রয়েছে। এর মধ্যে ৪৬টি সরাসরি সড়কের মূল অংশে পড়েছে। অন্যদিকে, খুঁটি স্থানান্তরের ব্যয় প্রকল্পের বাজেটে অন্তর্ভুক্ত না থাকায় তাৎক্ষণিক অর্থ পরিশোধ করা সম্ভব হয়নি। এ অবস্থায় খুঁটি অপসারণের কাজ ছাড়াই নির্মাণকাজ প্রায় শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

স্থানীয়দের অভিযোগ, সড়কের ওপর থাকা খুঁটিগুলো যানবাহন ও পথচারীদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। এগুলো এড়িয়ে চলতে গিয়ে চালকদের অনেক সময় সড়কের বিপরীত পাশে চলে যেতে হচ্ছে। এতে দুর্ঘটনা ঘটছে বলেও দাবি তাদের। বিশেষ করে রাতের বেলায় খুঁটিগুলো শনাক্ত করে নিরাপদে চলাচল করা কঠিন হয়ে পড়ে।

ভোলাবো ইউনিয়নের পাইস্কা গ্রামের বাসিন্দা কাজী রেজাউল হক বলেন, সড়ক নির্মাণ হলেও বিদ্যুতের খুঁটি না সরানোয় সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না। যানবাহনের পাশাপাশি পথচারীরাও সমস্যায় পড়ছেন। দ্রুত এসব খুঁটি সরানো জরুরি।

কাঞ্চন পৌরসভার বিরাবো গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের ভাষ্য, সড়কের মাঝখানে খুঁটি থাকায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে রাতে খুঁটি পাশ কাটিয়ে চলতে গিয়ে চালকদের বিপাকে পড়তে হচ্ছে।

তবে খুঁটি অপসারণে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২। সংস্থাটির সিনিয়র জেনারেল ম্যানেজার আবুল বাশার আজাদ বলেন, খুঁটিগুলো স্থানান্তরের সিদ্ধান্ত নিয়ে নিজস্ব ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে নয়টি খুঁটির কাজ শেষ হয়েছে। আগামী দুই মাসের মধ্যে বাকি কাজ সম্পন্ন করার আশা করছেন তারা।

অন্যদিকে, খুঁটি সরানোর ব্যয় পরিশোধে প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে প্রধান কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সওজের নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম। তিনি বলেন, বরাদ্দ পাওয়া গেলে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে অর্থ পরিশোধ করা হবে। তবে এর আগেই খুঁটি অপসারণের কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ করা হয়েছে।

নির্মাণকাজ শেষের দিকে থাকলেও সড়কের প্রতিবন্ধকতা দূর না হওয়ায় এখন স্থানীয়দের প্রশ্ন—নতুন সড়কটি নির্বিঘ্নে ব্যবহারের জন্য আর কত দিন অপেক্ষা করতে হবে? দ্রুত বিদ্যুতের খুঁটিগুলো সরিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. জাতীয় ঐক্য ধরে রাখতে ৭ নভেম্বরের চেতনা ধারণের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. এক্সের ভুলে তারেক রহমানের নাম অনুবাদে হয়ে গেল হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী সদ্য. রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. মোটরসাইকেলসহ সব চালকের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ সদ্য. ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. জাতীয় ঐক্য ধরে রাখতে ৭ নভেম্বরের চেতনা ধারণের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. এক্সের ভুলে তারেক রহমানের নাম অনুবাদে হয়ে গেল হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী সদ্য. রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. মোটরসাইকেলসহ সব চালকের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ সদ্য. ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট