ব্যবসায়ী নাসির ইউ আহমেদের দায়ের করা মারধর ও হত্যাচেষ্টার মামলায় আদালতে হাজির না হওয়ায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান এ আদেশ দেন। নির্ধারিত দিনে আদালতে উপস্থিত না থাকায় পরীমনির জামিন আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৮ জুলাই ঢাকার আদালতে পরীমনি ও তার সহযোগীদের বিরুদ্ধে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির ইউ আহমেদ। মামলায় তাদের বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।
অভিযোগে নাসির দাবি করেন, ২০২১ সালের ৮ জুন পরীমনি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে যান। সেখানে ওয়াশরুম ব্যবহারের পর তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন।
নাসিরের অভিযোগ, ওই দিন দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে ক্লাব থেকে বের হওয়ার সময় পরীমনি তাকে ডেকে একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনা মূল্যে দেওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় তাকে গালিগালাজ করা হয়। একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে পরীমনি একটি গ্লাস ছুড়ে মারেন, যা তার মাথা ও বুকে আঘাত করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
সদ্য সংবাদ/এসএস