নাগরিকদের নানা সমস্যা ও অভিযোগ সরাসরি শুনে সমাধানের উদ্যোগ নিয়েছে শেরপুর জেলা প্রশাসন। বুধবার (৪ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত গণশুনানিতে অংশ নিয়ে ১২৪ জন সেবাপ্রার্থী তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তাঁদের মধ্যে ৯৯ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি একজন পেয়েছেন হুইলচেয়ার এবং আরেকজনকে ওষুধ কেনার জন্য আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কার্যক্রমে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ। সরকারি কাজে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অবস্থান করায় তিনি গণশুনানিতে উপস্থিত থাকতে পারেননি।
গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ চিকিৎসা ব্যয়, আর্থিক সংকট, শিক্ষা, বাসস্থান, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা এবং ভূমি-সংক্রান্ত নানা জটিলতার কথা জানান। এ ছাড়া বিভিন্ন নাগরিক সেবা পেতে তাঁদের ভোগান্তি ও অভিযোগও তুলে ধরেন সেবাপ্রার্থীরা।
আবেদনকারীদের বক্তব্য শোনার পর সমস্যার ধরন অনুযায়ী প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন অতিরিক্ত জেলা প্রশাসক। তাৎক্ষণিকভাবে যেসব সমস্যায় সহায়তা দেওয়া সম্ভব, সেগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হয়। অন্যদিকে, যেসব অভিযোগের জন্য সংশ্লিষ্ট দপ্তরের পদক্ষেপ প্রয়োজন, সেগুলোর আবেদন সেখানে পাঠানো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসনের নিজস্ব তহবিল থেকে ৯৯ জনকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি বিশেষ প্রয়োজন বিবেচনায় একজনকে হুইলচেয়ার ও একজনকে ওষুধ কেনার অর্থ দেওয়া হয়।
নাগরিকদের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, তাঁদের অভাব-অভিযোগ সরাসরি শোনা এবং দ্রুত প্রতিকারের লক্ষ্যে শেরপুর জেলা প্রশাসন নিয়মিত এ গণশুনানি কার্যক্রম পরিচালনা করে আসছে।
সদ্য সংবাদ/এজে