যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হওয়ার পর বিজয়ী ভাষণে আরবি শব্দ ব্যবহার করে আলোচনায় এসেছেন ডেমোক্র্যাট নেতা আবদুল আল-সাইয়েদ। মিশিগানে নির্বাচনে জয় নিশ্চিত হওয়ার পর সমর্থকদের সামনে দেওয়া বক্তব্যে ‘ইনশাআল্লাহ’ ও ‘আলহামদুলিল্লাহ’ উচ্চারণ করেন তিনি। তাঁর এই বক্তব্য ঘিরে মার্কিন সংবাদমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
বুধবার (৪ নভেম্বর) ভোরে দেওয়া বিজয়ী ভাষণে আল-সাইয়েদ আল্লাহর ইচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশে প্রচলিত এই দুটি আরবি শব্দ ব্যবহার করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেছেন তিনি। একই নির্বাচনে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট দুই কক্ষের নিয়ন্ত্রণও হারিয়েছে রিপাবলিকান পার্টি।
আল-সাইয়েদের বক্তব্যে ব্যবহৃত ‘ইনশাআল্লাহ’ অর্থ আল্লাহ চাইলে এবং ‘আলহামদুলিল্লাহ’ অর্থ সকল প্রশংসা আল্লাহর জন্য। তাঁর এই বক্তব্য নিয়ে ফক্স নিউজের কয়েকজন উপস্থাপক ও বিশ্লেষক আলোচনা-সমালোচনা করেন। তবে এসব সমালোচনায় নিজের অবস্থান থেকে সরে আসেননি তিনি।
নির্বাচনী প্রচারের সময়ও আল-সাইয়েদকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। অভিযোগ রয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ রিপাবলিকান নেতারা তাঁকে ‘জিহাদি’ আখ্যা দিয়ে আক্রমণ করেন এবং সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তোলার চেষ্টা করেন।
বিজয়ী ভাষণে ট্রাম্পের উদ্দেশে রসিকতাও করেন নবনির্বাচিত এই সিনেটর। তিনি বলেন, তাঁর নাম উচ্চারণ করতে ট্রাম্পের বেশ অসুবিধা হয়েছে। তাই আগামী জানুয়ারিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাঁকে শপথ পড়ানোর পর থেকে ট্রাম্প যেন তাঁকে শুধু ‘সিনেটর’ বলে ডাকেন।
ট্রাম্পের আগের মন্তব্যের জবাবে দেওয়া এই বক্তব্যে নিজের আত্মবিশ্বাসও তুলে ধরেন আল-সাইয়েদ। আগামী জানুয়ারিতে নতুন সিনেটের অধিবেশন শুরু হলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।
সদ্য সংবাদ/এসএস