সাফ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। দলের হয়ে জয়সূচক গোলটি করেন ইব্রাহিম।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে ডান দিক থেকে রাকিবের ক্রস বক্সে থাকা বিশ্বনাথের দিকে এগিয়ে যায়। তবে তাঁর কাছে বল পৌঁছানোর আগেই তা ক্লিয়ার করেন ভুটানের এক ডিফেন্ডার। ফিরতি বলে বক্সের বাইরে থেকে জোরালো শট নেন জামাল ভূঁইয়া। তবে ভুটানের রক্ষণভাগে আটকে যায় সেই প্রচেষ্টাও।
১৮ মিনিটে আবারও গোলের সুযোগ তৈরি করে বাংলাদেশ। রাকিবের ক্রসে বিশ্বনাথ হেড নিলেও বল পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ২৫ মিনিটে আরও একটি সহজ সুযোগ নষ্ট করেন তিনি। ফাঁকা জায়গায় বল পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি বিশ্বনাথ।
ম্যাচের ৩৯ মিনিটে ফের গোলের সুযোগ পান বিশ্বনাথ। সামনে তখন শুধু ভুটানের গোলরক্ষক। কিন্তু কিছুটা কোনাকুণি অবস্থান থেকে নেওয়া শটটি লক্ষ্যে রাখতে পারেননি তিনি। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।
বিরতির পরও আক্রমণের ধারাবাহিকতা বজায় রাখে বাংলাদেশ। অবশেষে ম্যাচের ৬৮ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্বাগতিকরা। ডি-বক্সের ভেতর থেকে ডান পায়ের জোরালো শটে বল জালে পাঠান ইব্রাহিম। তাঁর গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
গোল হজমের পর ম্যাচে সমতা ফেরানোর চেষ্টা চালায় ভুটান। তবে বাংলাদেশের রক্ষণভাগ ভেদ করে গোল করতে পারেনি তারা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিক বাংলাদেশ।
সদ্য সংবাদ/ এরআর