ইসরায়েলের গত সপ্তাহের সাধারণ নির্বাচনের পর বিরোধী নেতা গাদি আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলোর জোট জয়েন্ট লিস্ট। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জোটটি এ ঘোষণা দেয়।
এক বিবৃতিতে জয়েন্ট লিস্ট জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে আনুষ্ঠানিকভাবে গাদি আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সুপারিশ করবে তারা।
গত সপ্তাহের নির্বাচনে ইসরায়েলের ১২০ আসনবিশিষ্ট পার্লামেন্ট নেসেটে রেকর্ড ১৯টি আসন পেয়েছে আরব নেতৃত্বাধীন দলগুলো। ফলে নতুন সরকার গঠনের ক্ষেত্রে তাদের সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এর আগে আরেকটি গুরুত্বপূর্ণ আরব নেতৃত্বাধীন দল রা’আমও আইজেনকটকে সমর্থনের ঘোষণা দেয়। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের হিসাব অনুযায়ী, জয়েন্ট লিস্ট ও রা’আমের সমর্থন পেলে আইজেনকটের পক্ষে ৫৬ জন আইনপ্রণেতার সমর্থন থাকতে পারে।
অন্যদিকে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের আসনসংখ্যা ৫৩। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে পারেনি তারা। অতি রক্ষণশীল দল ইউনাইটেড তোরাহ জুডাইজমের সাতটি আসনের মধ্যে চারটির নিয়ন্ত্রণে থাকা দেগেল হা তোরাহ জানিয়েছে, তারা কোনো প্রার্থীর পক্ষেই সমর্থনের সুপারিশ করবে না। হারেদি সম্প্রদায়ের পুরুষদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি দেওয়ার আইন পাসে নেতানিয়াহু সরকারের ব্যর্থতার কারণেই দলটি এমন সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ নির্বাচনের আনুষ্ঠানিক ফল গ্রহণের পর সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন। বুধবার তিনি রিলিজিয়াস জায়োনিজম, জেহুত, শাস ও ইসরায়েল বেইতেনু দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
আলোচনা শেষে সরকার গঠনের জন্য সবচেয়ে উপযুক্ত প্রার্থীকে দায়িত্ব দেবেন প্রেসিডেন্ট। মনোনীত প্রার্থী সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে এ সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো যাবে। নির্ধারিত সময়ের মধ্যে কেউ সরকার গঠনে ব্যর্থ হলে আগামী বছরের শুরুতে আবারও নির্বাচন হতে পারে।
সদ্য সংবাদ/ এরআর