তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন, সব মন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

স
সদ্য সংবাদ ডেস্ক
৬ নভেম্বর, ২০২৬ ০১:৪৪:৪৮
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেছেন, বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পদত্যাগ করা উচিত। অন্তর্বর্তী সরকারের সময় থেকে এখন পর্যন্ত দেশে জননিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। খুন, ধর্ষণ, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের ভূমিকা নিয়ে নাহিদ ইসলাম বলেন, তিনি এখন শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন, সব মন্ত্রণালয়ের মন্ত্রী হয়ে উঠেছেন। এ বিষয়ে সংসদে ও সংসদের বাইরে একাধিকবার কথা বলা হয়েছে। পরিসংখ্যান তুলে ধরে দেখানো হয়েছে, অন্তর্বর্তী সরকারের সময় থেকে বর্তমান সময় পর্যন্ত জননিরাপত্তা কতটা বিঘ্নিত হয়েছে। একই সঙ্গে খুন, রাহাজানি, ধর্ষণ, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের প্রবণতা বেড়েছে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় বর্তমান সরকার বারবার আশ্বাস দিয়েছিল, নির্বাচিত সরকার দায়িত্ব নিলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু বাস্তবে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার ক্ষেত্রে বিএনপি নিজেই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। দলটির অভ্যন্তরীণ কোন্দল, চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারত্বের কারণে প্রশাসন অনেকটা অসহায় হয়ে পড়েছে। বিএনপি প্রশাসনকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর ভূমিকা রাখতে পারছে না এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

দেশে মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হওয়ার অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, সাংবাদিকদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। দেশের বিভিন্ন স্থানে তাঁরা হামলার শিকার হয়েছেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করে পোস্ট দেওয়ার কারণে প্রায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের অধিকাংশের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এনসিপির আহ্বায়ক বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে ক্ষমতায় আসা সরকার এখন পুরোনো পদ্ধতিতে ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী কায়দায় দেশ পরিচালনা করছে।

চলমান শ্রমিক আন্দোলন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আন্দোলনের শুরু থেকেই এনসিপি শ্রমিকদের পাশে রয়েছে। তাঁদের দাবিকে ন্যায্য উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সময়ে ১২ হাজার ৫০০ টাকা বেতনে কারও পক্ষে জীবনযাপন করা সম্ভব নয়। জাতীয় বেতন স্কেল বৃদ্ধির প্রভাব সবার জীবনেই পড়েছে। পাশাপাশি গ্যাস ও জ্বালানির দাম এবং নিত্যপণ্যের মূল্য বেড়েছে। এতে জীবনযাত্রার ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। তাই শ্রমিকদের দাবিগুলো যৌক্তিক।

তবে সরকার শ্রমিকদের ন্যায্য দাবিতে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলনকে আন্দোলন হিসেবে স্বীকার করতে চাইছেন না। বরং একে দুর্বৃত্তদের নাশকতা ও অশান্তি হিসেবে তুলে ধরছেন। এনসিপিও মনে করে, ফ্যাসিবাদী শক্তি এই আন্দোলনের সুযোগ নিয়ে সহিংসতা সৃষ্টির চেষ্টা করছে। তারা বাংলাদেশের শত্রু। তবে সরকারই তাদের সেই সুযোগ তৈরি করে দিয়েছে। শুরুতেই শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসে আন্তরিকতার সঙ্গে দাবি মেনে নিলে পরিস্থিতি এত দূর গড়াত না। একজন শ্রমিকের প্রাণহানিও ঘটত না।

নাহিদ ইসলাম বলেন, সরকার রাষ্ট্রীয়ভাবে যে দমন-পীড়নের নীতি গ্রহণ করেছে, তাতে শ্রমিক আন্দোলন দমিয়ে রাখা সম্ভব হবে না। অবিলম্বে শ্রমিকদের দাবি মেনে নিয়ে তাঁদের আস্থা অর্জনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে শ্রমিকদের শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার এবং পোশাকশিল্প রক্ষায় সচেষ্ট থাকার আহ্বান জানান।

গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আন্তর্জাতিক জ্বালানি সংকটের কথা তুলে ধরে সরকার বরাবরের মতো অজুহাত দেখাচ্ছে। এ সময় তিনি বর্তমান সরকারকে ‘অজুহাতের সরকার’ বলে আখ্যায়িত করেন।​


সদ্য সংবাদ/ এরআর

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. টেকনাফে মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্যের মৃত্যু সদ্য. সোনারগাঁও হোটেল ও রাজারবাগ পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ সদ্য. ইব্রাহিমের গোলে সাফে বাংলাদেশের জয় সদ্য. তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন, সব মন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম সদ্য. বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণের বিষয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সদ্য. নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী আইজেনকটকে সমর্থন দিল আরব জোট সদ্য. এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি সদ্য. সাভারে মন্দির কমিটির স্বাক্ষর জাল করে চাল আত্মসাতের অভিযোগ খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে সদ্য. সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ৬ সদস্যের কমিটি সদ্য. টেকনাফে যৌথ অভিযানে গুলিবিনিময়, আহত সেনাসদস্য সদ্য. টেকনাফে মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্যের মৃত্যু সদ্য. সোনারগাঁও হোটেল ও রাজারবাগ পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ সদ্য. ইব্রাহিমের গোলে সাফে বাংলাদেশের জয় সদ্য. তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন, সব মন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম সদ্য. বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণের বিষয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সদ্য. নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী আইজেনকটকে সমর্থন দিল আরব জোট সদ্য. এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি সদ্য. সাভারে মন্দির কমিটির স্বাক্ষর জাল করে চাল আত্মসাতের অভিযোগ খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে সদ্য. সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ৬ সদস্যের কমিটি সদ্য. টেকনাফে যৌথ অভিযানে গুলিবিনিময়, আহত সেনাসদস্য