ভালোবাসার মানুষের মান-অভিমান ভাঙাতে কতজন কত কিছুই না করেন। কেউ ফুল উপহার দেন, কেউ চিঠি লেখেন, আবার কেউ আয়োজন করেন ব্যতিক্রমী কিছু। তবে প্রেমিক যদি হন সিরাজগঞ্জের, তাহলে ব্যতিক্রমী কিছু ঘটবে, সেটাই যেন স্বাভাবিক। এবার প্রিয় মানুষের অভিমান ভাঙাতে সিরাজগঞ্জ শহরে ব্যানার টাঙিয়ে ক্ষমা চেয়েছেন এক প্রেমিক। তবে এই ব্যতিক্রমী উদ্যোগ কে বা কারা নিয়েছেন, তা এখনো জানা যায়নি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে এ ঘটনা জানা যায়।
ব্যানারে লেখা অনুযায়ী, প্রেমিক নিজেকে গরু এবং প্রেমিকাকে পোল্ট্রি মুরগি সম্বোধন করে ক্ষমা চেয়েছেন। ভালোবাসার এমন বিচিত্র প্রকাশ হাস্যরসের জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও মন্তব্য করছেন নেটিজেনরা।
আসিফ আহমেদ দিগন্ত নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ভালোবাসায় অভিমান থাকবে, ভুল বোঝাবুঝি থাকবে। আবার সেই অভিমান ভাঙানোর চেষ্টাও থাকবে। এটাই তো সুন্দর!
শাহারিয়ার মোর্শেদ খান নামের আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এমন ভালোবাসার গরু আর অভিমানী মুরগিতে ভরে উঠুক সিরাজগঞ্জ। প্রেম থাকুক, মান-অভিমান থাকুক। ভালোবাসার শহর সিরাজগঞ্জ ভালোবাসায় থাকুক।’
অন্যদিকে জান্নাতুল ফেরদৌস স্মৃতি নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘আগে জানলে সিরাজগঞ্জের মানুষের প্রেমে পড়তাম!’
সদ্য সংবাদ/ এরআর