রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নতুন নেতৃত্ব নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। সমিতির ১২ সদস্যের ব্যবস্থাপনা কমিটি গঠনে আগামী ৫ ডিসেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে নির্বাচনের বিস্তারিত সময়সূচিও প্রকাশ করেছে নির্বাচন পরিচালনা কমিটি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাঙামাটির বনরূপায় সমিতির কার্যালয়ে নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল প্রকাশ করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও জেলা সমবায় অধিদপ্তরের পরিদর্শক এস এম ফরিদ উদ্দিন এ তফসিল ঘোষণা করেন। এ সময় কমিটির সদস্য মো. জাহেদুল আলম চৌধুরী ও শামীম মোস্তফা সরওয়ার উপস্থিত ছিলেন।
নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, অর্থ ও পরিকল্পনা সম্পাদক, সমাজসেবা ও উন্নয়ন সম্পাদক, তথ্য ও প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যসহ মোট ১২টি পদে প্রতিনিধি নির্বাচিত হবেন।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, ৮ ও ৯ নভেম্বর প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১১ নভেম্বর। পরদিন ১২ নভেম্বর বাছাই শেষে ১৫ নভেম্বর প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে।
মনোনয়নপত্র নিয়ে আপত্তি বা আপিলের জন্য ১৬ ও ১৭ নভেম্বর আবেদন গ্রহণ করা হবে। ১৮ থেকে ২২ নভেম্বর পর্যন্ত আপিলের শুনানি ও সিদ্ধান্ত দেওয়া হবে। এরপর ২৩ নভেম্বর চূড়ান্তভাবে বৈধ ও বাতিল মনোনয়নপত্রের তালিকা প্রকাশ করা হবে। ২৪ নভেম্বর প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহারের সুযোগ পাবেন। পরদিন ২৫ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকার সঙ্গে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
নির্বাচন পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ৫ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির বনরূপা কার্যালয়ে ভোটগ্রহণ চলবে।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এস এম ফরিদ উদ্দিন জানান, প্রার্থীদের সমবায় সমিতি আইন, সংশ্লিষ্ট বিধিমালা, সরকারি নির্দেশনা এবং সমিতির নিজস্ব উপ-আইন অনুযায়ী নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে।
তফসিল ঘোষণার সময় সমিতির বর্তমান সভাপতি হাজী মো. আজম খাঁন চৌধুরী, সাধারণ সম্পাদক শাওন ফরিদসহ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এজে