দেশে গুম, খুন ও রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি রোধ এবং সব নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে রাঙামাটিতে কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। এ সময় শ্রমিকদের ন্যায্য মজুরি ও আন্দোলনের অধিকার প্রতিষ্ঠারও দাবি জানানো হয়।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে সংগঠনটির ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে শহরে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। শহরের কলেজ এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে বনরূপা পুলিশ বক্স এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভায় অংশ নেন নেতাকর্মীরা।
পথসভায় ইনকিলাব মঞ্চের সভাপতি আবদুল্লাহ আল জাবের বলেন, অতীতে আওয়ামী লীগের বিরুদ্ধে গুম, খুন ও হত্যার রাজনীতির যে অভিযোগ রয়েছে, তার পুনরাবৃত্তি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অন্যায়ের বিরুদ্ধে নাগরিকদের সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
দেশে বিচার পাওয়ার অধিকার সবার জন্য সমানভাবে নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শুধু প্রতিশ্রুতি নয়, জনগণ সরকারের কাছ থেকে তার বাস্তবায়ন দেখতে চায়। রিকশাচালক, ভ্যানচালক থেকে শুরু করে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ যেন মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে জীবনযাপন করতে পারেন, সেই পরিবেশ তৈরি করতে হবে।
পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের প্রসঙ্গ তুলে আবদুল্লাহ আল জাবের অভিযোগ করেন, ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করতে গিয়ে শ্রমিকরা নির্যাতনের শিকার হচ্ছেন। শ্রমিকদের দাবিকে ভিন্নভাবে উপস্থাপন করে তাদের ওপর হামলার ঘটনাও ঘটছে বলে দাবি করেন তিনি। শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করার দায়িত্ব সরকারের বলেও মন্তব্য করেন।
এ ছাড়া ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন সংগঠনটির সভাপতি।
কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্য আদনান, হাদির পাঠশালার আহ্বায়ক কামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম ও সদস্যসচিব বুলবুল হোসেনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এজে