দেশের দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগিয়ে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে মোংলায় নতুন শিল্পকারখানা স্থাপন এবং জ্বালানি অবকাঠামো উন্নয়নে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে চীনা বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটের মোংলায় চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী।
বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, অবকাঠামো নির্মাণ এবং বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরির বিষয়গুলো গুরুত্ব পায়। এর আগে ইনভেস্ট বাংলাদেশ ও সিআরসিসির মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বাধীন চীনা প্রতিনিধিদল।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীন যৌথভাবে কাজ করলে অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামো সম্প্রসারণে নতুন সুযোগ সৃষ্টি হবে। বিশেষ করে মোংলাকে ঘিরে শিল্প ও বাণিজ্যিক কার্যক্রম বাড়াতে চীনা উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানান তিনি।
এ ছাড়া মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন সরকারপ্রধান। এ জন্য প্রয়োজনীয় জ্বালানি অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
বৈঠকে মধ্যপ্রাচ্যে চীনা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে সহযোগিতার জন্য প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। দেশের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী করতে চীনা বিনিয়োগকারীদের অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন তিনি।
সদ্য সংবাদ/এসএস