ঢাকার ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে আসামিদের হুমকির মুখে আবুল হোসেন মোল্লা (৭২) নামের এক বৃদ্ধ হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। শুক্রবার বিকেলে স্থানীয় বাড্ডা কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
আবুল হোসেন মোল্লা সাভার পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন। জমি নিয়ে চলমান বিরোধের জেরে প্রায় দুই মাস আগে ছুরিকাঘাতে তাঁর এক ভাতিজা নিহত হন।
পরিবারের সদস্যরা জানান, গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে আসামিদের একজনের প্রচার করা হত্যার হুমকির ভিডিও দেখার পর অসুস্থ হয়ে পড়েন আবুল হোসেন মোল্লা। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা হৃদ্রোগে আক্রান্ত হওয়ার কথা জানান। শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ২৬ জুন ধামরাইয়ের রূপনগর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে আবুল হোসেন মোল্লার ভাতিজা আনোয়ার হোসেন মোল্লা (৫৫) ও মনির হোসেন মোল্লা (৫০) ছুরিকাঘাতে গুরুতর আহত হন। তাঁদের ওপর হামলার অভিযোগ ওঠে অপর ভাতিজা খোকন মোল্লা এবং খোকনের দুই ছেলে আব্দুল আল ফাহাদ মোল্লা ও খালেদ মাহমুদ ইফাদ মোল্লার বিরুদ্ধে। ঘটনার নয় দিন পর ১০ জুলাই ঢাকার হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেন মোল্লার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, ওই হামলার ঘটনায় মনির হোসেন মোল্লার স্ত্রী রেহানা বেগম বাদী হয়ে ২৭ জুন ধামরাই থানায় মামলা করেন। পরবর্তী সময়ে মামলাটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত হয়। এতে খোকন মোল্লা, তাঁর দুই ছেলে আব্দুল আল ফাহাদ মোল্লা ও খালেদ মাহমুদ ইফাদ মোল্লাকে আসামি করা হয়েছে। তবে ঘটনার দুই মাস পার হলেও তাঁদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
রেহানা বেগম অভিযোগ করে বলেন, ‘আসামিরা গ্রেপ্তার না হওয়ায় তাঁরা মামলা তুলে নেওয়ার জন্য তাঁকে, তাঁর চাচাশ্বশুর আবুল হোসেন মোল্লাসহ পরিবারের অন্য সদস্যদের হত্যার হুমকি দিয়ে আসছিলেন। গত বুধবার আসামি খোকন মোল্লা সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার হুমকি দিয়ে একটি ভিডিও প্রচার করেন। ভিডিওটি দেখার পরই আমার চাচাশ্বশুর (আবুল হোসেন) অসুস্থ হয়ে পড়েন। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’
মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) শওকত আলী বলেন, ‘আসামিদের হুমকির কারণে হৃদ্রোগে আক্রান্ত হয়ে আবুল হোসেন মোল্লা মারা গেছেন বলে পরিবারের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে। এ ক্ষেত্রে আমার পক্ষে আইনগত সহায়তা দেওয়ার কোনো সুযোগ নেই। তবে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য আমার চেষ্টা অব্যাহত রয়েছে।’ সূত্র: আজকের পত্রিকা
সদ্য সংবাদ/এআর