অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে ফেসবুকে ভিডিও প্রকাশ এবং সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজের অভিযোগে কলেজছাত্র সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি সিফাতের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ দাবি জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।
পোস্টে তিনি লেখেন, ‘ভূতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদ করায় কলেজছাত্র সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিদ্যুৎ বিলের অনিয়ম নিয়ে প্রশ্ন তোলা একজন নাগরিকের স্বাভাবিক অধিকার। মতপ্রকাশের কারণে কোনো কলেজছাত্রকে হয়রানি করা কিংবা কঠোর আইনে ফাঁসানোর সুযোগ থাকা উচিত নয়।
তিনি আরও বলেন, সিফাতের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। মানুষের কণ্ঠস্বর বন্ধ করতে ভয় দেখানো নয়, বরং বিদ্যুৎ বিলের অনিয়মের বিষয়ে জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
একই সঙ্গে নাগরিকের মতপ্রকাশের অধিকার রক্ষার ওপরও গুরুত্বারোপ করেন এনসিপির এই নেতা।
এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের গাছা এলাকা থেকে সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়।
সিফাত রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। তিনি গাজীপুর মহানগরের ৩৮ নম্বর ওয়ার্ডের টিনের মসজিদ এলাকার বাসিন্দা সিকান্দরের ছেলে।
তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর সিফাতের মুক্তির দাবিতে এনসিপির নেতাকর্মীরা বৃহস্পতিবার রাতে গাছা থানার সামনে অবস্থান নেন। পরে রাত ২টার পর তারা থানা এলাকা ত্যাগ করেন।
সদ্য সংবাদ/এসকে