বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার রয়েছে, তবে সেই কর্মসূচির মাধ্যমে দেশের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত না করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, লংমার্চের মতো কর্মসূচি পালন রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকারের অংশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, বিরোধী দল রাজনৈতিক কর্মসূচি পালন করতেই পারে। তবে কর্মসূচির নামে পরিকল্পিতভাবে দেশে অচলাবস্থা সৃষ্টি করা থেকে তাদের বিরত থাকা উচিত।
দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবেই দেশে জ্বালানি ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। এর জন্য বর্তমান সরকারকে দায়ী করা ঠিক নয়।
সংকট মোকাবিলায় বিরোধী দলগুলোর কাছে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা থাকলে তা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান রিজভী। তাঁর মতে, শুধু রাজপথে কর্মসূচি পালন না করে সংকট সমাধানে নিজেদের বিকল্প পরিকল্পনাও জনগণকে জানানো প্রয়োজন।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ করা উচিত। জনগণের কাছে সত্য তথ্য তুলে ধরার পাশাপাশি বিভ্রান্তি সৃষ্টি হয়—এমন বক্তব্য থেকেও রাজনৈতিক দলগুলোকে বিরত থাকতে হবে।
সংসদকে কার্যকর করার ক্ষেত্রেও বিরোধী দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন রিজভী। সরকারের যৌক্তিক সমালোচনার পাশাপাশি জাতীয় বিভিন্ন সংকটের সমাধানে বিকল্প প্রস্তাব সংসদে তুলে ধরার আহ্বান জানান তিনি।
বিশেষ করে গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে সুনির্দিষ্ট পরিকল্পনা দেওয়ার ওপর গুরুত্ব দেন বিএনপির এই নেতা। অতীতের একই ধরনের কর্মসূচির পুনরাবৃত্তি না করে জনগণের স্বার্থে দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সদ্য সংবাদ/এসকে