প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সরকারি সাধারণ ছুটি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রিসভার সিদ্ধান্তের ভিত্তিতে এ ছুটি ঘোষণা করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা আদেশে স্বাক্ষর করেছেন উপসচিব ওয়ালীউল দামান।
এর আগে গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্র সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী, ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবসের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। দিনটি এখন থেকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালিত হবে।
এদিকে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্তমানে টানা পাঁচ দিনের ছুটিতে রয়েছেন সরকারি চাকরিজীবীরা। গত মঙ্গলবার, ২০ অক্টোবর থেকে শুরু হওয়া এই ছুটি শেষ হবে আগামী শনিবার, ২৪ অক্টোবর।
ছুটি শেষে আগামী রোববার, ২৫ অক্টোবর থেকে সরকারি দপ্তরগুলোতে স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
সরকারের নতুন সিদ্ধান্তের ফলে প্রতিবছর ৭ নভেম্বর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ভোগ করবেন।
সদ্য সংবাদ/এসএস