বগুড়ার সাতমাথায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে রাদিয়াদ হুসাইন ওরফে বর্ণ (২৬) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে জেলার গাবতলী উপজেলার কামারচট্র এলাকায় তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া শহরের সাতমাথা এলাকায় ওই স্লোগান দেন এক ব্যক্তি। পরে তিনি টেম্পল রোড ধরে ফতেহ আলী বাজারের দিকে চলে যান। ঘটনার পর ছবি দেখে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। তিনি রাদিয়াদ হুসাইন বর্ণ বলে নিশ্চিত হয় পুলিশ।
গ্রেপ্তার বর্ণ গাবতলী উপজেলার কামারচট্ট গ্রামের মৃত শাহিনুর প্রামাণিকের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত গাবতলী উপজেলা ছাত্রলীগের ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানিয়েছে পুলিশ।
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন জানান, বর্ণের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারেও ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগও রয়েছে।
গ্রেপ্তারের পর বুধবার তাঁকে আদালতে পাঠানো হয়। আদালতের মাধ্যমে পরে তাঁকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সদ্য সংবাদ/এসএস