রাজশাহী বিভাগের প্রশাসনিক দায়িত্বে পরিবর্তন এসেছে। বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রেজাউল আলম সরকারকে।
মঙ্গলবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়। আদেশ জারির দিনই রাজশাহী ছেড়ে যান ইউসুফ আলী।
এর আগে মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে। রাজশাহীতে জনসভা শেষে সন্ধ্যা ৭টার দিকে একই উড়োজাহাজে রাজধানীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীকে বিদায় জানানোর সময় বিমানবন্দরে বিভাগীয় কমিশনার ইউসুফ আলীর একটি আচরণ নিয়ে আলোচনা তৈরি হয়। অভিযোগ অনুযায়ী, প্রটোকল অনুসরণের ক্ষেত্রে ব্যত্যয় ঘটিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর সময় তাঁর দিকে ঝুঁকে কিছুটা এগিয়ে যান।
এ ঘটনার পরপরই ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করে মন্ত্রণালয়ে সংযুক্ত করার আদেশ জারি হওয়ায় দুটি ঘটনার মধ্যে যোগসূত্র নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবন্দরের ওই ঘটনার কারণেই তাঁকে বদলি করা হয়েছে কি না, সে বিষয়ে আদেশে কোনো ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে উল্লেখ নেই।
নতুন দায়িত্ব পাওয়া রেজাউল আলম সরকার আপাতত রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালন করবেন।
সদ্য সংবাদ/এসকে