দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে নতুন করে সামরিক অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। একাধিক এলাকায় বিমান হামলার পাশাপাশি শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করে স্থাপনা ধ্বংসের ঘটনাও ঘটেছে। এতে অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) বরাতে এ তথ্য প্রকাশ করেছে মিডল ইস্ট আই।
প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ লেবাননের কফর তিবনিত শহরে বিস্ফোরক ব্যবহার করে ধ্বংস অভিযান চালায় ইসরায়েলি সেনারা। এ ছাড়া জওতার আল-শারকিয়ার কাছে আইন আল-সামাহিয়াহ এলাকায় বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা আশপাশের এলাকায়ও অনুভূত হয়।
এদিকে, হাদ্দাতা শহর ও চাকরার কাছের ওয়াদি আল-সালুকি এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান থেকে হামলা চালানোর খবর পাওয়া গেছে। একই সময়ে লেবাননের দক্ষিণাঞ্চলের টায়ার শহর ও আশপাশের জনপদের পাশাপাশি রাজধানী বৈরুতের আকাশেও ইসরায়েলি ড্রোনের উপস্থিতি দেখা যায় বলে জানিয়েছেন আল জাজিরার সংবাদদাতারা।
ক্রমবর্ধমান এই পরিস্থিতিতে লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটাতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন।
সূত্র: মিডল ইস্ট আই
সদ্য সংবাদ/এসএস