১০০ গ্রাম প্লাস্টিক দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ

সদ্য সংবাদ ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৬ ০১:০৫:২১
ছবি: সংগৃহীত

১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্য জমা দিলেই বিনা মূল্যে চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবে শিক্ষার্থীরা। তবে সঙ্গে রাখতে হবে শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র। প্লাস্টিক দূষণ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে চট্টগ্রাম জেলা প্রশাসনের নেওয়া এ উদ্যোগ পরীক্ষামূলকভাবে চালু হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, চিড়িয়াখানার প্রবেশমুখে প্লাস্টিকের ওজন মাপার ব্যবস্থা রাখা হয়েছে। কোনো শিক্ষার্থী কমপক্ষে ১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্য জমা দিলে বিনা মূল্যে চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবে। তবে শিক্ষার্থী হিসেবে পরিচয় নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখাতে হবে।

এর আগে গত সোমবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির মতবিনিময় সভায় এ উদ্যোগের ঘোষণা দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি চট্টগ্রাম চিড়িয়াখানা পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বেও রয়েছেন।

সভায় জেলা প্রশাসক বলেন, প্লাস্টিক বর্জ্য পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। যত্রতত্র পড়ে থাকা প্লাস্টিক সহজে মাটির সঙ্গে মিশে যায় না। এসব বর্জ্যে পানি জমে মশার প্রজননস্থল তৈরি হতে পারে। পাশাপাশি দুর্গন্ধসহ নানা ধরনের পরিবেশগত ও স্বাস্থ্যঝুঁকিও সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণের কাজে সম্পৃক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। তিনি বলেন, ‘এই পরিবেশটা সবার এবং এই পরিবেশে আমরা বসবাস করি। বসবাসের জন্য এই পৃথিবী ছাড়া আমাদের আর কোনো জায়গা নেই।’

শিক্ষার্থীদের কাছ থেকে সংগ্রহ করা প্লাস্টিক বর্জ্য আবার আবর্জনার স্তূপে ফেলা হবে না। এসব বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাত করার পরিকল্পনা করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা চলছে।

ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন বলেন, সংগৃহীত প্লাস্টিক কীভাবে পুনঃপ্রক্রিয়াজাত করে সম্পদ হিসেবে কাজে লাগানো যায়, তা নিয়ে আলোচনা চলছে। আপাতত উদ্যোগটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। শিক্ষার্থী ও সাধারণ মানুষের কাছ থেকে কেমন সাড়া পাওয়া যায়, তা পর্যালোচনা করে পরবর্তী সময়ে এর মেয়াদ ও নিয়মকানুন নির্ধারণ করা হবে।

বিশ্বজুড়ে প্লাস্টিক বর্জ্য এখন বড় পরিবেশগত সংকট হয়ে উঠেছে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) হিসাবে, প্রতিবছর প্রায় ১ কোটি ৯০ লাখ থেকে ২ কোটি ৩০ লাখ টন প্লাস্টিক বর্জ্য নদী, হ্রদ ও সাগরের মতো জলজ পরিবেশে গিয়ে মেশে। প্লাস্টিক সহজে পচে না। সময়ের সঙ্গে তা ক্ষুদ্র কণায় ভেঙে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয় এবং পানি, মাটি ও খাদ্যশৃঙ্খলে ছড়িয়ে পড়তে পারে।

গত সোমবারের সভায় কৃষিজমির উর্বর মাটি বা টপসয়েল কেটে ইট তৈরির বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান জেলা প্রশাসক। তিনি বলেন, কৃষিজমির উর্বর মাটি কেটে কোনোভাবেই ইট তৈরি করা যাবে না। এ ক্ষেত্রে আইন ও বিধিবিধান কঠোরভাবে প্রয়োগ করা হবে। খাল খনন বা উন্নয়নকাজ থেকে বৈধভাবে পাওয়া মাটি ইট তৈরিতে ব্যবহারের ওপর গুরুত্ব দেন তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় স্থানীয় সরকার বিভাগের চট্টগ্রামের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের পরিচালক জমির উদ্দিন এবং চট্টগ্রাম জেলার উপপরিচালক মো. মোজাহিদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: প্রথম আলো

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র সদ্য. ইব্রাহিম কার্ডিয়াকের সিসিইউতে ভর্তি জ্বালানিমন্ত্রী টুকু সদ্য. প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সদ্য. ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্পে বিশেষ প্রণোদনা দিচ্ছে সরকার সদ্য. খুলনায় মাঝনদীতে ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি সদ্য. জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায় বিএনপি: প্রধানমন্ত্রী সদ্য. আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার-ভিডিপিকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, ভারী বর্ষণের আভাস সদ্য. নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় প্রাণহানি ছাড়াল হাজারে সদ্য. সপ্তাহখানেকের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী সদ্য. ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র সদ্য. ইব্রাহিম কার্ডিয়াকের সিসিইউতে ভর্তি জ্বালানিমন্ত্রী টুকু সদ্য. প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সদ্য. ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্পে বিশেষ প্রণোদনা দিচ্ছে সরকার সদ্য. খুলনায় মাঝনদীতে ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি সদ্য. জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায় বিএনপি: প্রধানমন্ত্রী সদ্য. আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার-ভিডিপিকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, ভারী বর্ষণের আভাস সদ্য. নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় প্রাণহানি ছাড়াল হাজারে সদ্য. সপ্তাহখানেকের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী