জামালপুরে পৃথক ঘটনায় একই দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। জেলার দেওয়ানগঞ্জে ঘরের বৈদ্যুতিক লাইন মেরামত করতে গিয়ে মা ও ছেলের মৃত্যু হয়। তাদের বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন দাদি। একই দিন মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে দশম শ্রেণির এক শিক্ষার্থী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদসংলগ্ন পুরাতন রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার আব্দুর রশিদের ছেলে রাজু (১৪) ও তাঁর স্ত্রী লাকী আক্তার (৪০)। এ ঘটনায় লাকী আক্তারের শাশুড়ি বুলি বেগম গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দিলে রাজু নিজেই সেটি মেরামতের চেষ্টা করে। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে মা লাকী আক্তারও বিদ্যুতায়িত হন। পরে পুত্রবধূ ও নাতিকে বাঁচাতে এগিয়ে গিয়ে দাদি বুলি বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রাজু ও লাকী আক্তারের মৃত্যু হয়। আহত বুলি বেগমকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
এদিকে, একই দিন বিকেলে মেলান্দহ উপজেলার কোনা মালঞ্চ এলাকায় আমেনা দাখিল মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় দশম শ্রেণির ছাত্র মোহাম্মদ জোনায়েদ হাসান। সে দক্ষিণ হাজরাবাড়ি এলাকার মিয়ার ছেলে।
সদ্য সংবাদ/ এআর