দুর্গাপূজার প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নগরীর ৩৩টি স্থানে বিসর্জন কার্যক্রম ঘিরে ১৬ হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোও।
বুধবার (২১ অক্টোবর) পলাশী মোড়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশন) মো. শহীদুল্লাহ এসব তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়েছে। এর মধ্যে ওয়াইজঘাটে সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন দেওয়ার কথা রয়েছে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শোভাযাত্রা বের হয়ে ওয়াইজঘাটে পৌঁছাবে। সেখানে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
নিরাপত্তা নিশ্চিতে সাধারণ পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), এসআরইউ, সোয়াট ও বম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং এসআরবির সদস্যদেরও বিভিন্ন স্থানে দায়িত্ব দেওয়া হয়েছে।
ডিএমপির এই কর্মকর্তা জানান, এবারের দুর্গাপূজায় রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিমা বিসর্জনের বাকি কার্যক্রমও শান্তিপূর্ণভাবে শেষ হবে বলে আশা করছেন তাঁরা।
কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
এ সময় নগরবাসীর প্রতি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে পূজার শেষ আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সহযোগিতার আহ্বান জানান মো. শহীদুল্লাহ।
সদ্য সংবাদ/এসএস