জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, গত পনেরো বছরে ঘরে ঘরে মাদক ছড়িয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতারাও মাদক খায়, কর্মীরাও মাদক সেবন করে।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে তজুমদ্দিনে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।
বক্তব্যে বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনার শাসনামলে নির্বাচনে কারচুপি এবং রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের ঘটনা ঘটেছে বলে তিনি মনে করেন। তাঁর দাবি, ওই সময়ের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে একটি গোষ্ঠী নিজেদের সম্পদ বাড়িয়েছে। এ প্রসঙ্গে তিনি আওয়ামী লীগের এক সাবেক সংসদ সদস্যের বিদেশে বিপুলসংখ্যক বাড়ি থাকার কথাও উল্লেখ করেন।
স্পিকার বলেন, দুই দশক আগে তিনি সংসদ সদস্য থাকাকালে তজুমদ্দিনে মাদকের এমন বিস্তার ছিল না। তবে পরবর্তী সময়ে পরিস্থিতির অবনতি হয়েছে বলে তিনি দাবি করেন। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করে পুলিশের হাতে তুলে দিতে স্থানীয় নেতাকর্মীদের নির্দেশনাও দেন তিনি।
এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগেও স্পিকারকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে অসহায়, প্রতিবন্ধী ও দুস্থ মানুষের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
এ সময় তজুমদ্দিনকে পৌরসভায় উন্নীত করা এবং স্থানীয় বাসিন্দাদের বিনোদনের জন্য একটি পার্ক নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন হাফিজ উদ্দিন আহমেদ।
সদ্য সংবাদ/এসএস