রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে যাতায়াতের সড়কে আবারও অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছে স্থানীয় দুটি সংগঠন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির এ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে সংগঠন দুটির নেতাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে সাজেকে অবস্থানরত পর্যটকদের বুধবারের মধ্যেই এলাকা ছেড়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
তবে জরুরি সেবার যানবাহনকে কর্মসূচির আওতার বাইরে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, মরদেহ পরিবহনের গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যান, সংবাদপত্রবাহী গাড়ি এবং সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের যানবাহন।
এর আগে গত ১১ অক্টোবর থেকে সাজেক-দীঘিনালা সড়কে অবরোধ শুরু করে সংগঠন দুটি। পরিস্থিতি ও পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ওই দিন সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেকে পর্যটন কার্যক্রম বন্ধ ঘোষণা করে রাঙামাটি জেলা প্রশাসন। তখন সেখানে অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে এলাকা ছাড়ার নির্দেশনাও দেওয়া হয়েছিল।
পরে দুই দিনের বিরতির পর ১৫ অক্টোবর আবারও অবরোধ কর্মসূচি পালন করা হয়। দুর্গাপূজা উদযাপনের বিষয়টি বিবেচনায় নিয়ে স্থানীয় পূজা উদযাপন কমিটির অনুরোধে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত কর্মসূচি স্থগিত রাখেন আয়োজকেরা।
পূজার ছুটি শেষ হওয়ায় এবার নতুন করে অবরোধের ঘোষণা এসেছে। এতে সাজেকে পর্যটন কার্যক্রম ও সড়ক যোগাযোগের ওপর আবারও প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সদ্য সংবাদ/এসএস