বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসী ও দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়েই তাদের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে চায় বিএনপি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সোমবার (৩১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তারেক রহমান।
বিবৃতিতে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি দীর্ঘদিন ধরে জনগণের সঙ্গে কাজ করে আসছে। বিভিন্ন সময়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র যখন সংকটে পড়েছে, তখন দলটির নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা জনগণকে সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে তারেক রহমান বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা বটমূলে এক খোলা চত্বরে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তার ভাষ্য অনুযায়ী, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে দলটির প্রতিষ্ঠা ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি দেশে একদলীয় ‘বাকশাল’ ব্যবস্থা চালু হওয়ার পর মানুষের বাকস্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার সংকুচিত হয়ে পড়েছিল। পরবর্তী সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে শহীদ জিয়াউর রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় বিএনপির প্রতিষ্ঠার মাধ্যমে দেশে বহুমাত্রিক রাজনৈতিক ব্যবস্থা নতুন করে এগিয়ে যায় বলে মন্তব্য করেন তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান তাকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, সফল রাষ্ট্রনায়ক ও আধুনিক বাংলাদেশের রূপকার হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিও শ্রদ্ধা জানান তিনি।
তারেক রহমান বলেন, খালেদা জিয়ার নেতৃত্ব ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপি দেশের মানুষের ঘরে ঘরে পৌঁছেছে। পাশাপাশি গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন কিংবা আহত হয়েছেন, বিএনপির প্রতিষ্ঠার পর থেকে তাদের অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।
বিএনপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণ যখন অবাধ, সুষ্ঠু ও নির্ভয়ে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তখন বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। দলটির বিভিন্ন মেয়াদের সরকারের সময় সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন, নারীশিক্ষার প্রসারসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।
দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষনের অবসানের পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে বলে দাবি করেন তারেক রহমান। তার মতে, জনগণের আস্থা ও বিশ্বাসকে অটুট রেখে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপি সরকার কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, বিএনপি মনে করে দেশের গণতন্ত্রকামী জনগণই দলের রাজনৈতিক ক্ষমতার মূল উৎস। একটি গণতান্ত্রিক, জনকল্যাণমূলক ও স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সব পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের জনগণের আস্থা অক্ষুণ্ন রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। একই সঙ্গে স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী সব মানুষকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান তিনি।
সদ্য সংবাদ/এসকে