ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ২০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দুই তরুণকে আটক করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার পশ্চিম বামনশুর মাঠের সামনে এ অভিযান চালানো হয়।
আটক দুজন হলেন নাজিম মিয়া (২১) ও আকাশ (১৯)। তাঁদের বাড়ি উপজেলার তারানগর ইউনিয়নের সিরাজনগর এলাকায়।
পুলিশের ভাষ্য, পশ্চিম বামনশুর মাঠের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানোর সময় ২০টি ককটেল পাওয়া যায়। পরে অটোরিকশায় থাকা দুই তরুণকে আটক করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুছ জানান, অটোরিকশা থেকে ককটেল উদ্ধারের পর দুজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে তাঁদের আরও জিজ্ঞাসাবাদ চলছে।
সদ্য সংবাদ/এজে