রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে ‘তেরেনাম বাবু’কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১১ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কিছুক্ষণের মধ্যে আদালতে পাঠানো হবে।
তবে ঠিক কোন অভিযোগ বা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেননি ডিবির এই কর্মকর্তা। এ বিষয়ে জানতে চাইলে তিনি পরে কথা বলার কথা জানান।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাতে ডিবির একটি দল লিটন মাহমুদ বাবুকে তাদের কার্যালয়ে নিয়ে যায়। এরপর তাকে গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
এদিকে, তার বিরুদ্ধে থাকা অভিযোগের ধরন কিংবা গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
সদ্য সংবাদ/এসএস