রাজধানীর গুলশানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার অভিযোগে তিন যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের এক নেতা। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে গুলশান-২ এলাকার ওয়েস্টিন হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
আটক তিনজন হলেন মাদারীপুরের কালকিনি উপজেলার সাব্বির হোসেন (২৯), পুরান ঢাকার চকবাজারের ফারহান আহম্মেদ (২৪) এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলার সজিবুর রহমান (৩০)। তাঁদের মধ্যে সাব্বির মিরপুর-২ এবং সজিবুর মহাখালীর ওয়্যারলেস এলাকায় বসবাস করেন।
ছাত্রদল নেতা আবদুর রহিম ওরফে রাজীব পাটোয়ারী জানান, রাতে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় কয়েকজন যুবককে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দিতে শোনেন তিনি। পরে গাড়ি থামিয়ে তাঁদের পরিচয় জানতে চাইলে কয়েকজন মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় তিনজনকে আটকে রেখে পুলিশে খবর দেন তিনি।
খবর পেয়ে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে। এ সময় ওই যুবকেরা দাবি করেন, মদ্যপ অবস্থায় তাঁরা না বুঝেই শেখ হাসিনার নামে স্লোগান দিয়েছেন। একই সঙ্গে নিজেদের ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন বলেও জানান ছাত্রদল নেতা।
পরে পুলিশ তাঁদের থানায় নিয়ে যায়। ঘটনার সময় আশপাশের লোকজন সেখানে জড়ো হন। একপর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর রাত ৩টার দিকে তিন যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়ার কথা জানালেও কোন অভিযোগে মামলা হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
এদিকে আটক তিন যুবকের রাজনৈতিক পরিচয় সম্পর্কে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।
সদ্য সংবাদ/এজে