রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে ককটেল দুটির সঙ্গে একটি চিরকুটও পাওয়া গেছে। এতে ‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১’ এবং ‘জয় বাংলা, জয় মুজিববাদ’ লেখা ছিল।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে পুলিশের টহল দলের সদস্যরা এগুলো দেখতে পান। তবে কে বা কারা ককটেল ও চিরকুট সেখানে রেখে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশ জানায়, দায়িত্ব পালনকালে চিরকুটের ওপর রাখা অবস্থায় ককটেল দুটি নজরে আসে টহল সদস্যদের। পরে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়। আশপাশের এলাকায় সাধারণ মানুষের চলাচলও সীমিত রাখা হয়েছে।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল গফুর জানান, ককটেল দুটি বিস্ফোরিত না হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সেগুলো নিষ্ক্রিয় করতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
এদিকে, রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনার মধ্যে ধানমন্ডি ৩২-এর সামনে অবিস্ফোরিত ককটেল উদ্ধারের ঘটনায় এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
সদ্য সংবাদ/এসএস