কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল কবির আখন্দকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
মঙ্গলবার (১০ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফয়সাল কবির আখন্দ কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের অধীন ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ফয়সাল কবির আখন্দকে তাঁর সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীকে ফয়সাল কবির আখন্দের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী কালবেলাকে বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিবকে বহিষ্কারের বিষয়টি সত্য। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
সদ্য সংবাদ/ এআর