রাজবাড়ীর পাংশা উপজেলায় দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে একদল সশস্ত্র দুর্বৃত্তের বিরুদ্ধে। এ সময় তাঁর পরিবারের চার সদস্যকে মারধর করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার গোলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন সাংবাদিক রবিনের বাবা গোলাম মোস্তফা লুলু বিশ্বাস, মা ডলি আক্তার, বোন ঐশী আক্তার ও ভাবি শাহানা খাতুন।
অভিযোগ উঠেছে, স্থানীয় বিএনপি নেতা আবদার জেলের নেতৃত্বে তাঁর ছেলে তুর্কি, হৃদয়সহ ২০ থেকে ৩০ জনের একটি দল বাড়িটিতে হামলা চালায়।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা পরিবারের সদস্যদের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করার হুমকি দেয়। এমনকি বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ভয়ও দেখায়। পরে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে পরিবারের সদস্যদের মারধর করা হয়।
এ বিষয়ে সাংবাদিক অমিত হাসান রবিন বলেন, ‘স্থানীয় বিএনপির নামধারী সন্ত্রাসী বাহিনী বাড়ির টিভি-ফ্রিজ, আসবাবপত্র সব ভাঙচুর করে আমার বাবা-মা, বোন, ভাবিকে পিটিয়েছে। বাড়ির বাইরে ফাঁকা গুলি করেছে।’
তবে হামলার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ‘অভিযুক্তদের আটক করতে অভিযান চলছে। তদন্তসাপেক্ষে ঘটনার আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
সদ্য সংবাদ/ এআর