ভাইকে হাসপাতালে ভর্তি করাতে গিয়ে নিজেকে চিকিৎসক পরিচয় দেওয়ার অভিযোগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে মো. রাকিব নামে এক যুবককে আটক করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের ভেতর থেকে তাকে আটক করেন আনসার সদস্যরা।
আটকের পর রাকিবকে হাসপাতালের পুলিশ ক্যাম্পে নেওয়া হয়। ঘটনাটি শাহবাগ থানাকে জানানো হয়েছে এবং তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা যায়, জরুরি বিভাগে রাকিবের চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রশাসনিক ব্লকে নিয়ে যান। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া চিকিৎসক পরিচয় দেওয়ার কথা স্বীকার করেন বলে জানান হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার মো. শাহাদাত হোসেন।
আটক রাকিব বরিশালের গৌরনদী উপজেলার ফারুক হোসেনের ছেলে। বর্তমানে তিনি ঢাকার সাভারের নালিয়া এলাকায় বসবাস করেন।
রাকিবের দাবি, অসুস্থ ভাইকে হাসপাতালে ভর্তি করানোর জন্য তিনি ঢামেকে এসেছিলেন। বিভিন্নভাবে চেষ্টা করেও ভর্তি করাতে না পেরে এক ব্যক্তির পরামর্শে নিজেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক বলে পরিচয় দেন। এরপরই আনসার সদস্যদের সন্দেহের মুখে পড়েন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আনসার সদস্যরা ওই যুবককে পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। বিষয়টি শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাকে থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
সদ্য সংবাদ/এসএস