সৌদি আরবের মক্কা নগরীতে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বিস্তারিত জানতে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য তথ্য চেয়ে রাষ্ট্রদূতের কাছে একটি কূটনৈতিক চিঠিও হস্তান্তর করা হয়েছে।
রোববার দুপুরে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ারের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়াবলির সচিব মো. নজরুল ইসলাম। বৈঠকে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
গত বুধবার (১৪ অক্টোবর) সৌদি অনলাইন সংবাদমাধ্যম আজেলসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, মক্কা অঞ্চলের একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম আবদুল বশীর ও সিতি আকতারের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি কর্তৃপক্ষ।
এর আগে শনিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সাংবাদিকদের জানান, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে সৌদি সরকার বাংলাদেশ মিশনকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি। জেদ্দায় অবস্থিত বাংলাদেশ মিশনের শ্রম উইংয়ের তথ্য অনুযায়ী, মক্কার একটি মসজিদের পবিত্রতা নষ্ট করে অনৈতিক বা ব্যভিচারমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সৌদি আরবের প্রচলিত আইন অনুসারে তাঁদের এই দণ্ড দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিক তথ্য না থাকায় ঘটনার বিস্তারিত জানতে সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। তিনি ঘটনাটিকে বাংলাদেশের জন্য ‘বড় শিক্ষা’ হিসেবে উল্লেখ করেন এবং প্রবাসীদের বসবাস ও কর্মরত দেশের আইন মেনে চলার আহ্বান জানান।
কনস্যুলার সম্পর্কবিষয়ক ভিয়েনা কনভেনশন অনুযায়ী, কোনো বিদেশি নাগরিক গ্রেপ্তার হলে কিংবা আইনি প্রক্রিয়ার আওতায় এলে সংশ্লিষ্ট দেশের দূতাবাসকে অবহিত করার বাধ্যবাধকতা রয়েছে আটককারী রাষ্ট্রের। তবে এই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। কেন এমনটি ঘটেছে, সে বিষয়েও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।
সদ্য সংবাদ/এআর