দিনাজপুরের চিরিরবন্দরে দুই শিশুসন্তানকে শ্বাসরোধে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন স্বর্ণা আক্তার (২৩) নামে এক নারী। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার পর উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য, মোস্তফাপুর গ্রামের মাহাতাব হোসেনের ছেলে শাকিল আহমেদ (২৭) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে স্বর্ণা আক্তারের সঙ্গে তাঁর প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।
রোববার সন্ধ্যায় পরিবারের অন্য সদস্যরা বাজারে গেলে বাড়িতে একা ছিলেন স্বর্ণা। এ সময় তিনি তাঁর চার বছর বয়সী ছেলে সাফায়াত হোসেন ও এক বছর বয়সী মেয়ে রাইসা আক্তারকে শ্বাসরোধে হত্যা করেন বলে জানা গেছে। পরে নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
ঘটনার খবর পেয়ে চিরিরবন্দর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পর পুলিশ সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তিনি। প্রাথমিক তদন্ত শেষে ঘটনার বিস্তারিত এবং আত্মহত্যার প্রকৃত কারণ জানা যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
সদ্য সংবাদ/এআর