সালমান মুক্তাদিরের স্টুডিও ও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার নেপথ্যের ব্যক্তিরা এখনো অধরা

স
সদ্য সংবাদ ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৩০:৪১
ছবি: সংগৃহীত

রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দুই অস্ত্রধারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে মিরপুরের শাহ আলী থানা এলাকার একটি স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। তবে দুই ঘটনার ক্ষেত্রেই হামলার পেছনে থাকা মূল পরিকল্পনাকারী বা নেতৃত্বদানকারী ব্যক্তিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিউগিনি প্রপার্টিজে হামলার কারণ হিসেবে পুলিশ জমি নিয়ে বিরোধের কথা বলছে। এ ঘটনায় হামলার পরিকল্পনাকারী হিসেবে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন চৌধুরীর নাম তদন্তে এসেছে। তাঁর সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। তদন্তে সম্পৃক্ততার প্রমাণ মিললে তাঁকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মামলার ৪ নম্বর আসামি মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিনের নিউগিনি প্রপার্টিজের লাগোয়া এলাকায় ৩৫ শতাংশ জমি রয়েছে। তাঁর জমির চারপাশের অংশ নিউগিনি প্রপার্টিজের মালিকানাধীন হওয়ায় সেখানে যাতায়াতের জন্য প্রকল্পটির রাস্তা ব্যবহার করতে হয়। এমনকি চলাচলের ফটকও প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণে। প্রাথমিকভাবে তদন্তকারীরা ধারণা করছেন, এই বিষয়টি নিয়ে বিরোধ থেকেই হামলার সূত্রপাত হতে পারে। জমি-সংক্রান্ত আরও কোনো বিরোধ আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার দিবাগত রাতে নিউগিনি প্রকল্পের কার্যালয় ও আশপাশের বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়। ভাঙচুরের পাশাপাশি লুটপাটও চলে। হামলাকারীদের লক্ষ্য থেকে বাদ যায়নি কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও। সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আশপাশের কয়েকটি বাড়ি ও স্থাপনাতেও হামলা চালানো হয়। নিউগিনি প্রকল্পের প্রধান নিরাপত্তা কর্মকর্তা লিয়াকত আলীর ভাষ্য, ক্ষয়ক্ষতির দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সালমান মুক্তাদিরের স্টুডিও।

ঘটনার পর নিউগিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করছে থানা-পুলিশ। এরই মধ্যে থানা-পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মিলে ছয়জনকে গ্রেপ্তার করেছে।

ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় ডিবি তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের একজন শাহ আলম অনিক, যিনি মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের যুগ্ম আহ্বায়ক। অন্য গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামুন, আসলাম, মুন্না, মিজানুর রহমান ও শাহরিয়ার মাহমুদ। মামুনের বাড়ি গফরগাঁওয়ে। তিনি ও মুন্না ভাষানটেক বস্তিতে থাকেন। টাঙ্গাইলের বাসিন্দা আসলাম পেশায় অটোরিকশাচালক। সর্বশেষ গ্রেপ্তার মিজানুর রহমান মামলার এজাহারে ৯ নম্বর আসামি হিসেবে উল্লেখিত।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, মামুন ও মুন্না অস্ত্র হাতে হামলায় অংশ নিয়েছিলেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে মিরপুরের শাহ আলী থানা এলাকায় স্বাস্থ্যকেন্দ্রটি ভেঙে ফেলার পর সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ লেখা সাইনবোর্ড ও ব্যানার টাঙানো হয়। তদন্তে এই সমিতির কার্যক্রমের সঙ্গে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাঁরা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদের (মিষ্টি) ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত। তবে ফেরদৌসী আহমেদ এ ঘটনায় নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন।

স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় তদন্তকারীরা এখনো মূল ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পারেননি। ঘটনাস্থলে কারা এক্সক্যাভেটর নিয়ে এসেছিল এবং কার নির্দেশনায় ভাঙচুর চালানো হয়েছিল, তা বের করার চেষ্টা চলছে। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং ব্যবহৃত এক্সক্যাভেটরটি উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তদন্তসংশ্লিষ্টরা জানতে পেরেছেন, বৃহস্পতিবার মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে হামলার আগে জড়িত কয়েকজন শাহ আলী থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ ওরফে লেলিন এবং মামলার এজাহারভুক্ত আসামি বিএনপি নেতা হানিফ মিয়ার কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে সেখান থেকে তাঁরা স্বাস্থ্যকেন্দ্রের দিকে যান।

ঘটনার আগে বৃহস্পতিবার রাত ১২টা ৫ মিনিটের দিকে বি-ব্লক মাঠসংলগ্ন লেলিনের কার্যালয়ের সামনে কয়েকজনের জড়ো হওয়ার দৃশ্য পাশের একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। স্বাস্থ্যকেন্দ্রের আশপাশের বিভিন্ন মার্কেটের ক্যামেরার ফুটেজেও হামলার সময় একটি সাদা মাইক্রোবাসকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, হামলা ও ভাঙচুর চলাকালে হানিফ মিয়া, আবুল কালাম এবং ঢাকা মহানগর যুবদলের সাবেক সদস্যসচিব মোস্তফা জগলুল পাশা ওরফে পাপেলসহ কয়েকজন সাদা মাইক্রোবাসে করে ঘটনাস্থলের আশপাশে অবস্থান করে নির্দেশনা দেন। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় হানিফ মিয়ার নামও রয়েছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ রোববার রাতে গ্রেপ্তার করা হয় মো. মিন্টু (৩৫) ও মো. মিলনকে (৪০)। পুলিশের ভাষ্য অনুযায়ী, তাঁরা ভাঙচুরে অংশ নেওয়ার পর সেখান থেকে মালামাল নিয়ে যান। পরে তাঁদের কাছ থেকে লুট হওয়া সামগ্রী উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার রাতে শাহ আলী থানার পুলিশ সোহেল (২২), জুয়েল (২৩), জিহাদ হাসান (২১) ও রাব্বি (২০) নামের চার তরুণকে গ্রেপ্তার করে। পুলিশ-সংশ্লিষ্ট সূত্র জানায়, জুয়েল শাহ আলী বাগের করলাপাড়ায় থাকতেন। বাকি তিনজন শাহ আলী মাজার এলাকার ভাসমান তরুণ। তদন্তকারীদের ভাষ্য, অর্থের বিনিময়ে তাঁদের ভাঙচুরে অংশ নেওয়ানো হয়েছিল।

এরপর শনিবার সন্ধ্যায় আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মো. শাহাদাত হোসেন (৩৩), কাজী মকবুল হোসেন (৫৮), মো. শাহ আলম (৫৩), মো. আতিকুর রহমান (৩৩), মো. কামরুল ইসলাম (৫২) ও মো. শাকিল (২০)। তাঁদের পাঁচজনকে শাহবাগ থেকে ডিবি এবং একজনকে শাহ আলী এলাকা থেকে থানা-পুলিশ গ্রেপ্তার করে। পরদিন আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ১২ জনের মধ্যে শাহ আলম সমমনা দোকানদার সমিতির সাধারণ সম্পাদক।

সাম্প্রতিক হামলা, ভাঙচুর ও দখলের ঘটনাগুলোকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত হিসেবে দেখছেন মানবাধিকারকর্মী নূর খান। তাঁর বক্তব্য, মিরপুরের রাড্ডা ক্লিনিক ও সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার সঙ্গে সরকারি দলের লোকজন বা কোনো শক্তিশালী মহল জড়িত থাকার কথা শোনা যাচ্ছে, যে কারণে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি আরও বলেন, মিরপুর, মোহাম্মদপুর ও আদাবরে সাম্প্রতিক হামলার ঘটনায় তাঁর কাছে মনে হয়েছে, দেশ মব সন্ত্রাসের কবলে পড়েছে। সন্ত্রাসীদের ভয় পাওয়ার মতো কোনো বার্তা সরকার দিতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। সূত্র: প্রথম আলো

সদ্য সংবাদ/ এআর

রাজধানী ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার সিদ্ধান্তে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে: জয়সওয়াল সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা সদ্য. সিবিএ নেতার কবজায় উত্তরা ব্যাংক, ১৭ বছরেও হয়নি নির্বাচন সদ্য. দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোর ঘোষণা সরকারের সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: জামাতার গ্রেপ্তার নিয়ে যা বললেন জামায়াত এমপি সদ্য. একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার সদ্য. মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিল এসেছে ৫০৬ কোটি টাকা সদ্য. তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ১০৫ সদ্য. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার সিদ্ধান্তে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে: জয়সওয়াল সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা সদ্য. সিবিএ নেতার কবজায় উত্তরা ব্যাংক, ১৭ বছরেও হয়নি নির্বাচন সদ্য. দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোর ঘোষণা সরকারের সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: জামাতার গ্রেপ্তার নিয়ে যা বললেন জামায়াত এমপি সদ্য. একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার সদ্য. মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিল এসেছে ৫০৬ কোটি টাকা সদ্য. তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ১০৫