চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে কার্যকর উদ্যোগ না আসায় ফের কঠোর কর্মসূচিতে যাচ্ছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছেন তারা। এ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
বুধবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সব বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে চলমান আন্দোলনের পরিস্থিতি পর্যালোচনা এবং পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা শেষে শাটডাউনের সিদ্ধান্ত জানানো হয়।
শিক্ষার্থীদের ঘোষণায় বলা হয়েছে, দুই মাসের বেশি সময় ধরে তারা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলেও সংকটের স্থায়ী সমাধানে দৃশ্যমান অগ্রগতি হয়নি। এতে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমও অনিশ্চয়তার মুখে পড়েছে। সংকটের টেকসই সমাধান না হওয়া পর্যন্ত শাটডাউন চলবে বলে জানিয়েছেন তারা।
যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তাই সব ব্যাচের শিক্ষার্থীদের সম্মতিতে বৃহস্পতিবার থেকে এ কর্মসূচি শুরু হচ্ছে।
সভা শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
এদিকে, কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালনের কথা রয়েছে শিক্ষার্থীদের। একই দিন চুয়েটের উপাচার্য ইস্যুতে সংবাদ সম্মেলন আয়োজনের কথা জানিয়েছে আইইবি।
চুয়েটে বর্তমান সংকটের সূত্রপাত গত ২১ সেপ্টেম্বর। ওই দিন তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন এবং ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেন।
টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু হয়। তবে উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকে। এরই ধারাবাহিকতায় প্রায় এক মাস পর আবারও শাটডাউনের ঘোষণা এলো।
সদ্য সংবাদ/এজে