প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসে ৬২ প্রজাতির গাছ রোপণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। জন্মদিন উদ্যাপনের পাশাপাশি ক্যাম্পাসের পরিবেশ উন্নয়ন ও সবুজায়নের লক্ষ্যেও এ কর্মসূচি নেওয়া হয়েছে।
মঙ্গলবার দ্বিতীয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সংগঠনটির নেতারা জানান, জন্মদিনকে কেন্দ্র করে পরিবেশের জন্য দীর্ঘমেয়াদি অবদান রাখার চিন্তা থেকেই বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে গত রোববার তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ৬২ ধরনের ফল নিয়ে ফল উৎসবের আয়োজন করে জবি শাখা ছাত্রদল। ওই আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার সামগ্রীও বিতরণ করা হয়।
জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, জন্মদিন উপলক্ষে কেবল উৎসব আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রকৃতি ও পরিবেশের জন্য ইতিবাচক কিছু করার পরিকল্পনা ছিল তাঁদের। রোপণ করা গাছগুলো বড় হলে দ্বিতীয় ক্যাম্পাসের সৌন্দর্য ও সবুজায়নে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, ৬২ প্রজাতির গাছ রোপণের মাধ্যমে পরিবেশের প্রতি দায়িত্বশীলতার বার্তা দিতে চেয়েছেন তাঁরা। দ্বিতীয় ক্যাম্পাসকে সবুজ ও নান্দনিক করে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে দলীয় পরিচয়ের বাইরে গিয়ে পরিবেশ সংরক্ষণে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে এগিয়ে আসার আহ্বান জানান শামসুল আরেফিন।
সদ্য সংবাদ/এজে