জাতীয়
জয়শঙ্করের সফরকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের ঢাকা সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। একই সঙ্গে এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যকার টানাপড়েন কমবে কি না, সে প্রশ্নের উত্তর ভবিষ্যতে খোঁজার পরামর্শও দেন তিনি।
দেশের পক্ষের শক্তি বিএনপিকেই বিজয়ী করবে মানুষ: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ দেশের পক্ষের শক্তি বিএনপিকেই বিজয়ী করবে বলে তিনি মনে করেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। এর আগে ছারছীনা দরবার শরিফের পীর সাহেব হযরত শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ চেয়ারপারসন কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।
শ্রদ্ধায় ভাসছে খালেদা জিয়ার সমাধি
রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় তাঁকে শেষ বিদায় জানাতে লাখ লাখ শোকার্ত মানুষ উপস্থিত হন। জানাজা শেষে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাঁকে সমাহিত করা হয়। আজ বৃহস্পতিবার সকাল থেকেই তাঁর কবরে শ্রদ্ধা জানাতে আসছেন সর্বস্তরের মানুষ।
আসন্ন নির্বাচনে দায়িত্ব পালন করবে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সব ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে গাজীপুরে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি। তিনি জানান, সারা দেশে ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রে প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থাকবেন। এরই মধ্যে প্রায় ৫৬ হাজার উপজেলা-থানা কোম্পানি আনসার, ২ লাখ ৫৫ হাজার ভিডিপি সদস্য এবং ৩ হাজারেরও বেশি আনসার ব্যাটালিয়নকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
ইউজিসির স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা ১৬ জানুয়ারি
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) স্থগিত হওয়া সহকারী সচিব ও সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা (এমসিকিউ) আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সোমবার (১২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ইউজিসি’র সচিব ড. মো. ফখরুল ইসলাম। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
ভোটের মাঠে আগে-পরে আইন-শৃঙ্খলা বাহিনী থাকবে সাত দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে টানা সাত দিনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১২ ফেব্রুয়ারির ভোট উপলক্ষে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাহিনীগুলো মাঠে থাকবে। এ বিষয়ে বুধবার (৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করেছে।
গণভোটের প্রচারে নির্বাচন কমিশনকেও মাঠে নামতে হবে: উপদেষ্টা সাখাওয়াত
জুলাই জাতীয় সনদের ওপর গণভোট নিয়ে জনগণকে বোঝানোর কাজটি শুধু অন্তর্বর্তী সরকার করলে নানা প্রশ্ন উঠতে পারে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, এ ক্ষেত্রে নির্বাচন কমিশনকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে এবং প্রয়োজনীয় সব সহযোগিতা সরকার দেবে। বুধবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর তোপখানা রোডে সিরডাপের এ টি এম শামসুল হক মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘গণভোট: ২০২৬: কী ও কেন?’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এম সাখাওয়াত হোসেন বলেন, রাজনৈতিক দলগুলো আগের মতোই চলতে চায়, নাকি পরিবর্তন চায়—এটা স্পষ্ট নয়। যেসব বড় দল ক্ষমতায় যেতে পারে বলে মনে হচ্ছে, তাদের কাছ থেকেও সে ধরনের অঙ্গীকার শোনা যাচ্ছে না। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রতিক সময়ে একটি বড় বিপর্যয় দেখেছে, যেখানে একটি শক্তিশালী সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়ে। রাষ্ট্রীয় কাঠামো, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভেঙে পড়ে এবং সবকিছু একটি বিভ্রমের ওপর দাঁড়িয়ে ছিল। সে সময় ভিন্নমত প্রকাশ করলে গুম, খুন, কারাবরণ কিংবা সামাজিক সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা ছিল। তিনি প্রশ্ন তোলেন, এখন দেশ আবার সেই অবস্থায় ফিরতে চায় কি না। গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদ, ভোটকেন্দ্র দখল কিংবা ওপর থেকে চাপিয়ে দেওয়া পরিকল্পনার পুনরাবৃত্তি হবে কি না, তা ভেবে দেখার সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি। আগের অবস্থায় না ফিরতে চাইলে ব্যবস্থায় পরিবর্তন জরুরি উল্লেখ করে উপদেষ্টা বলেন, সে জন্যই গণভোটে সংস্কারের বিষয়গুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এই সংস্কার বাস্তবায়ন নির্ভর করবে ভোটারদের ওপর। নির্বাচনের আর এক মাস বাকি থাকলেও গণভোট নিয়ে সরকারের পক্ষ থেকে সীমিত প্রচার চোখে পড়ছে বলে তিনি মন্তব্য করেন। ২০০৭ সালে সেনা–সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচন কমিশনার হিসেবে কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরে এম সাখাওয়াত হোসেন বলেন, গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার শুধু সরকারের নয়, নির্বাচন কমিশনেরও দায়িত্ব। ভোটের পাশাপাশি গণভোট কী এবং কীভাবে হবে, তা জনগণকে বোঝাতে নির্বাচন কমিশনকে মাঠে নামার আহ্বান জানান তিনি। তিনি বলেন, এই কাজ শুধু সরকার করলে নানা কথা উঠবে, তাই নির্বাচন কমিশনের পাশাপাশি অন্যদের সহযোগিতা নেওয়াও প্রয়োজন। তিনি নাগরিক সংগঠনগুলোকেও নির্বাচন কমিশনকে সহযোগিতা করার আহ্বান জানান এবং বলেন, ভবিষ্যতে যেন অতীতের মতো শাসনব্যবস্থা ফিরে না আসে, সে জন্য সম্মিলিত উদ্যোগ জরুরি। সরকার প্রচার চালাচ্ছে, নির্বাচন কমিশনকেও গণভোট নিয়ে মাঠে নামতে হবে। উপদেষ্টা সাখাওয়াত সুজনকে ২০০৭ সালের মতো জেলায় জেলায় গিয়ে প্রচার চালানোর আহ্বান জানান। তিনি বলেন, গণভোটের বিষয়টি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সুজনের মতো সংগঠনের ভূমিকা অপরিহার্য এবং এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকাও আরও জোরালো হওয়া প্রয়োজন। বৈঠকে সুজনের প্রধান নির্বাহী বদিউল আলম মজুমদার উপদেষ্টার বক্তব্যের জবাবে বলেন, ২০০৭-০৮ সালের মতো করেই এবারও প্রচার চালানো হচ্ছে। তরুণ ও নারীদের সম্পৃক্ত করার চেষ্টা চলছে এবং গণভোট তাদের অস্তিত্বের সঙ্গে যুক্ত হওয়ায় তারা এ উদ্যোগে অবিচল থাকবেন। আলোচনার শুরুতে বদিউল আলম মজুমদার বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে গেলেও স্বৈরাচারী ব্যবস্থা রেখে গেছেন। সেই কাঠামো ভাঙতে সংস্কার প্রয়োজন, যাতে আবারও দানবীয় শাসন ফিরে না আসে। এ কারণেই সংবিধানের মৌলিক সংস্কারের জন্য গণভোটের আয়োজন করা হয়েছে, যদিও এ নিয়ে বিভ্রান্তি ও অপপ্রচার রয়েছে। নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের কাজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দফা আলোচনায় ৮৪টি বিষয়ে ঐকমত্য হয়েছে, যার ভিত্তিতে জুলাই সনদ তৈরি হয়েছে। এর মধ্যে ৪৮টি বিষয় সংবিধান সংস্কারসংক্রান্ত, যেগুলোর জন্য সংবিধান পরিবর্তন প্রয়োজন, আর বাকিগুলো অধ্যাদেশ বা নির্বাহী আদেশে বাস্তবায়ন সম্ভব। তিনি জানান, সংবিধান সংস্কারের ৪৮টি প্রস্তাবের ওপর গণভোট হবে এবং ব্যালটে একটিই প্রশ্ন থাকবে—হ্যাঁ অথবা না। সংস্কারের পক্ষে থাকলে হ্যাঁ ভোট দিতে হবে। রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করায় তা মানতে তারা বাধ্য বলেও তিনি উল্লেখ করেন। গণভোটে হ্যাঁ না না—কোন অবস্থানে রাজনৈতিক দলগুলো আছে, তা স্পষ্ট করার আহ্বান জানান বদিউল আলম মজুমদার। তিনি আশা প্রকাশ করেন, দলগুলো তাদের অঙ্গীকার অনুযায়ী গণভোট নিয়ে জনগণকে সচেতন করতে কার্যক্রম চালাবে। বৈঠকে অংশ নিয়ে চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ বলেন, রাজনৈতিক দলগুলোর মাধ্যমেই প্রান্তিক ভোটারদের কাছে বার্তা পৌঁছাতে হবে। তিনি বলেন, গ্রামীণ নিরক্ষর নারীদেরও বোঝাতে হবে যে, তাদের অস্তিত্ব ও ক্ষমতা প্রকাশের জন্য হ্যাঁ-না ভোট দেওয়ার সুযোগ এসেছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, জুলাই সনদই ফ্যাসিবাদের পুনরাগমন ঠেকানোর পথনির্দেশ। এটি বাস্তবায়ন করা না গেলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা রয়েছে। সুজনসহ বিভিন্ন নাগরিক সংগঠনের জেলা পর্যায়ের প্রতিনিধিরা বৈঠকে অংশ নিয়ে প্রশ্ন ও মতামত দেন। সুজনের সহসভাপতি ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল মতিন বৈঠকে সভাপতিত্ব করেন। সমাপনী বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিক নেতাদের নিজেদের অঙ্গীকার রক্ষা করতে হবে এবং সংস্কার না হলে জনগণ আবারও ফ্যাসিবাদের মুখে পড়তে পারে—এ বিষয়টি জোরালোভাবে প্রচার করতে হবে।
ভারতের ব্যান্ডউইথ ট্রানজিট প্রস্তাব প্রত্যাখ্যান করল বাংলাদেশ
আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারতকে দেওয়া একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব থেকে সরে এসেছে বাংলাদেশ। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে মোবাইল ইন্টারনেট সংযোগ দিতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ‘ব্যান্ডউইথ ট্রানজিট’ সুবিধা দেওয়ার আবেদন প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
আপিল শুনানির তৃতীয় দিনে ৪১টি আবেদন মঞ্জুর, বাতিল ২৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির তৃতীয় দিনে ৪১টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই দিনে ২৪টি আবেদন নামঞ্জুর করা হয়েছে এবং ৪টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ কর্মকর্তা রুহুল আমিন মল্লিক এসব তথ্য জানান।
নির্বাচনী দায়িত্বে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা, পরিপত্র জারি
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। নির্বাচনী দায়িত্ব পালনে কোনো ধরনের অনীহা, অসহযোগিতা বা শৈথিল্য দেখা গেলে ‘নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১’ অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রামে মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল বান্দরবানের রুমা
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দরনগরী চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ এই কম্পনে নগরীর বিভিন্ন এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৯। এর উৎপত্তিস্থল ছিল বান্দরবান জেলার রুমা এলাকা।