সোমবার (২ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'সংবিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। সংসদের কার্যক্রমও সংবিধান মেনেই পরিচালিত হবে।'
তিনি আরও বলেন, 'বর্তমান সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী রয়েছে। সেই প্রেক্ষাপটে তাদের ডেপুটি স্পিকারের পদ গ্রহণের জন্য বিএনপি প্রস্তাব দিয়েছে।'
সংবিধান সংস্কার প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা জাতীয় সংসদের কার্যক্রমে অংশ নিতে পারেন না। কেবলমাত্র নির্বাচিত সংসদ সদস্যরাই সংসদে অংশগ্রহণের অধিকার রাখেন।'
তিনি বলেন, 'সংবিধান সংস্কার নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা হতে পারে, যা রাজনৈতিক অধিকারের মধ্যেই পড়ে। তবে জাতীয় সংসদে কোনো অসাংবিধানিক বিষয় উত্থাপন করা সম্ভব নয়।'
গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রয়োজন হলে, তা সংসদে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নিতে হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।